ভিন্নমতাবলম্বী সাংবাদিককে গ্রেপ্তারে উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে নিজ দেশে নামতে বাধ্য করার ঘটনায় বেলারুশের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার সুর নরম করতে নেটো জোটের মিত্রদের চাপ দিয়েছে তুরস্ক। এই বিষয়ে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের উড়োজাহাজটিকে রোববার রাজধানী মিনস্কে নামাতে বেলারুশের যুদ্ধবিমান পাঠানোর ঘটনায় আনুষ্ঠানিক নিন্দা জানায় নেটো। জোর করে বিমানের গতিপথ বদলে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় উত্তর আমেরিকা ও ইউরোপের ৩০টি দেশের সামরিক জোট বুধবার দুই অনুচ্ছেদের একটি বিবৃতি জারি করে, কিন্তু সেখানে বেলারুশের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ছিলো না। যদিও জোটের সদস্য পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের দেশগুলো সে ধরনের পদক্ষেপের সুপারিশ করেছিল। নিন্দা জানিয়ে জারি করা ওই বিবৃতির সুর নেটোর মহাসচিব ইয়েনস স্টোলটেনবার্গের মন্তব্যের চেয়ে নরম ছিল। ওই ঘটনার পর তিনি একে ‘আপত্তিজনক’ এবং ‘রাষ্ট্রীয় ছিনতাই’ হিসেবে অভিহিত করে বক্তব্য দেন। ওই দুই কূটনীতিক রয়টার্সকে বলেছেন, বেলারুশের বিরুদ্ধে আরও পশ্চিমা অবরোধ আরোপকে সমর্থন ও সে দেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানানোর বক্তব্যগুলো ওই বিবৃতি থেকে ফেলে দিতে চাপ দেয় আঙ্কারা। একই কারণে বেলারুশের সঙ্গে নেটোর সহযোগিতা স্থগিতের হুমকিও বিবৃতি থেকে প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছেন তারা। এর পেছনে তুরস্কের কী স্বার্থ কাজ করছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ওই কূটনীতিকরা বলেছেন, আঙ্কারা সম্ভবত মস্কোর সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে চাইছে, কেননা মস্কোর সঙ্গে মিনস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালু রাখার মাধ্যমে অর্থনৈতিক স্বার্থও অক্ষুণœ রাখতে চাইছে তারা। মিনস্কে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে তুরস্কের জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইনস। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে কোভিড-১৯ মহামারীর রেশ কাটতে শুরু করায় এই গ্রীষ্মে রুশ পর্যটকদের নিজ দেশে স্বাগত জানানো। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পায়নি রয়টার্স। নেটোর এক কর্মকর্তা বলেছেন, “বেলারুশের বিষয়ে দেওয়া বিবৃতির বক্তব্য নেটোর ৩০ সদস্যের সর্বসম্মতির ভিত্তিতেই গৃহীত হয়েছে। গোপনীয়তার স্বার্থে নর্থ আটলান্টিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা নিয়ে আমরা খুব বেশি বিস্তারিত জানাতে পারছি না।” বেলারুশের বিরুদ্ধে নরম ভাষায় বিবৃতি দেওয়ায় পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়াসহ নেটো জোটের বেশ কিছু মিত্র নাখোশ; এ দেশগুলো বিবৃতিতে আরও কঠোর ভাষা প্রয়োগের জন্য জোটের ওপর চাপ দিচ্ছিলো বলে দাবি করেছেন ওই কূটনীতিকরা। তবে তৃতীয় আরেক কূটনীতিক রয়টার্সকে বলেছেন, আঙ্কারার চাপ ছিল মূলত বিবৃতির ভাষাটি যেন ইউরোপীয় ইউনিয়নের চেয়ে ভিন্নতর হয়, তা নিশ্চিত করা। কেননা, তুরস্ক ইইউর সদস্য নয়, যদিও অনেক বছর ধরেই তারা এই জোটের সদস্য পদপ্রার্থী হয়ে আছে। ওই বিবৃতির আলোচনায় উপস্থিত ইউরোপীয় এক কূটনীতিক বলেছেন, “অনেক মিত্র দেশই তুরস্কের আচরণে হতাশা প্রকাশ করেছেন। নেটোর কড়া জবাব দেওয়া গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা স্পষ্ট নয় কেন আঙ্কারা (বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার) লুকাশেঙ্কোকে রক্ষার চেষ্টা করছে।” সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের বিভিন্ন পদক্ষেপ নেটোর একাদিক মিত্রকে চটিয়েছে। বিশেষ করে লিবিয়া নীতি নিয়ে ফ্রান্স, সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান পরিচালনা নিয়ে গ্রিসের সঙ্গে বিরোধ বাঁধিয়েছে আঙ্কারা। রাশিয়ার কাছ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়েও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের টানাপোড়েন প্রকাশ্য। ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অধীনে তুরস্ক একটি একনায়কতান্ত্রিক ব্যবস্থার মধ্যে শাসিত হচ্ছে বলেও সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষকরা বলছেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা তুরস্ক বরাবরই যুক্তরাষ্ট্র ও ইইউর জন্য বড় শক্তি, যাকে অবহেলা করা চলে না। নেটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীও তুরস্কের। এদিকে আঙ্কারার ভাষ্য, তারা নেটো জোটকে সমর্থন করলেও তাদের নিজস্ব সার্বভৌম পররাষ্ট্র নীতি চর্চার অধিকার রয়েছে।