পাবনার সুজানগরে গবাদী পশুর ঘাসের সংকট দূর করতে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হচ্ছে। তাছাড়া ঘাস চাষে অন্যান্য ফসলের চেয়ে খরচও বেশ কম। সেকারণে উপজেলার অধিকাংশ কৃষক ঘাস চাষে ঝুঁকছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩হাজার ৫‘শ বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়েছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে প্রায় ২‘শ বিঘা জমিতে। উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক জামাল হোসেন জানায়, এক বিঘা জমিতে ঘাস চাষ করতে সার ও বীজসহ খরচ হয় ১৪/১৫‘শ টাকা। আর ফলন ভাল হলে প্রতি বিঘা জমিতে আবাদ করা ঘাস বিক্রি হয় ৮থেকে ১০ হাজার টাকা যা, উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি। ফলে উপজেলার কৃষকেরা অন্য ফসলের পাশাপাশি ঘাস চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন অন্যান্য ফসল আবাদ করে বাজার ভাল না পেলে অনেক সময় কৃষকের লোকসান গুণতে হয়। কিন্তু ঘাস চাষে ফলন ভাল হলে সাধারণত লোকসান হয়না। সেকারণে কৃষকরা বাণিজ্যিকভাবে ঘাস চাষ করেন।