খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, আমার নির্বাচনী এলাকায় দলের নাম ভাঙ্গিয়ে কাউকে কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কোন প্রকার চাপ ছাড়া সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
তিনি গতকাল ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে দিঘলিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তিনি ঘূর্ণিঝড় "ইয়াস" এর প্রভাবে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও সহায়তা করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামরুজ্জামান বাচ্চু, আ'লীগ নেতা এস এম গোলাম রহমান, খান আবদুল বারী, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নের এমপির প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান তারেক প্রমুখ।