নড়াইলের কালিয়ার বিশিষ্ট সমাজসেবক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ত্রাণ ও পুনর্বাসন কমান্ডার এবং ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি দানবীর ফাজেল আহম্মদ মোল্যার দৌহিত্র বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়ার্দ্দার (৬৫) আর নেই। তিনি বুধবার (২৬ মে) রাত সাড়ে দশটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার পেড়লী গ্রামস্থ তার নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টায় কালিয়ার সহকারী কমিশনা (ভূঁমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলামের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর ২টায় জোহরবাদ মরহুমের জানাজা শেষে তাকে পিরোলী-শীতলবাটী সার্বজনীন কবরস্থানে দাফন করা হয়েছে। পিরোলী খানকাহ শরীফের গদ্দিনশীন পীর আলহাজ¦ মোঃ মাহমুদুল হক তার জানাজা করেন। পেড়লী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফুরকান শেখ ও সাবেক চেয়ারম্যান মো. আনিসুল ইসলাম বাবুসহ স্থানীয় আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দেড় সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে স্থানীয় স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।