দৈনিক করতোয়া পত্রিকার নওগাঁর মান্দা উপজেলা প্রতিনিধি আবদুল জব্বারকে চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম ৫০ হাজার টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি টেলিকনফারেন্সে বক্তব্য দেন। টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।
এসময় মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক ডিএম শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে পিআইবির মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ বলেন, অসহায় ও দুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর অনুদানেই অসহায় সাংবাদিকদের সহায়তা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, সাংবাদিক আবদুল জব্বার দীর্ঘদিন ধরে মেরুদন্ডের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনের প্রেক্ষিতে তাঁকে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।