রাজশাহী পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নিশি খাতুন (১৩) নামের এক কিশোরী। পরিবারে অভিযোগ প্রেমিক খাইরুল ইসলামের প্রতারণার শিকার হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় ভূক্তভোগির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের উত্তর জামিরা গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত খাইরুল ইসলাম একই গ্রামের শাহাবুর ইসলাম। আর নিশি খাতুন জামিরা আলিম মাদ্রার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং শরিফুল ইসলামের মেয়ে।
নিশি খাতুনের মামা বজলুর রশিদ বলেন, খাইরুল ইসলাম আমার ভাগ্নিকে বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে। এরপর তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি নিশিকে বিয়ে করার জন্য তাকে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু খায়রুল বিয়েতে অস্বীকার করে। এতে অভিমান করে মঙ্গলবার বিকেলে নিশি তার ঘরের তীরের সাথে ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় রাতে নিশির মা রজুফা বেগম বাদী হয়ে খাইরুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
রাজশাহী মেট্রোপলিটন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে নিহত ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২৬ মে) সকালে লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগি পরিবার একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে অভিযুক্তকে আটকের চেস্টা চলছে।