সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাজশাহীর রাস্তা-ঘাট ও হাট-বাজারে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধিও। ফলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আর রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। যে তালিকায় মঙ্গলবার (২৫ মে) দুপুর পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চারজনের নাম যুক্ত হয়েছে। এর ২৪ ঘন্টা আগে মৃতুর তালিকায় যুক্ত হয়েছিল দশজন। এ নিয়ে গত তিনদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর গত ১ মার্চ মাস থেকে মঙ্গলবার (২৫ মে) দুপুর পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ১১২ জন রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন। আর অবনতির দিকে ধাবিত রোগটির পরীক্ষা অনুযায়ী রাজশাহীতে মঙ্গলবার পর্যন্ত শনাক্তের হার প্রায় ৫০ ভাগ। যেটি গত সপ্তাহে ছিল ৪২ থেকে ৪৫ পর্যন্ত। ফলে করোনার উচ্চ ঝুঁকিতে এখন রাজশাহী।
মঙ্গলবার সন্ধ্যায় তথ্যগুলো নিশ্চিত করে এক সাক্ষাতকারে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ্য ডা. নওশাদ আলী বলেন, বর্তমানে রামেক হাসপাতালের ছয়টি ওয়ার্ডে করোনা আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় নতুনভাবে চিকিৎসা সেবার স্থান আরও বড় পরিসরে বর্ধিতের প্রক্রিয়া চলছে। আর স্বাস্থ্যবিধি না মানাসহ জনসচেতনার অভাবের কারণেই সংক্রমনের হার লাফিয়ে বাড়ছে। এ সময় দুঃখ প্রকাশ করে বলেন, করোনা রোগীদের অব্যাহত চিকিৎসা সেবা প্রদানকালে আক্রান্ত হয়ে গত ২৭ মার্চ রাতে মারা গেছেন এ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক আবদুল হান্নান। তিনি রাজশাহী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
অধ্যক্ষ্য ডা. নওশাদ বলেন, ভারতীয় সীমান্তবর্তী এলাকা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তবে করোনার ২য় ঢেউয়ে আক্রান্তদের বেশীরভাই চাঁপাইনবাবগঞ্জের। এখন পর্যন্ত রোগটির পরীক্ষা রিপোর্ট মোতাবেক চাঁপাইনবাবগঞ্জের রোগীদের শরীরে শনাক্তের হার ৫৫ ভাগ। তবে কম নয় রাজশাহীতেও। বর্তমানে রাজশাহীতে শনাক্তের হার প্রায় ৫০ ভাগ। এ কারণে রোগীদের সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে সদর হাসপাতাল চালুর জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। তবে সদর হাসপাতালে অক্সিজেন লাইন না থাকার কারণে রামেক হাসপাতালের সাধারণ রোগীগুলোকে সেখানে রাখার ব্যবস্থা করা হবে।
সূত্র মতে, ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে গত সোমবার ৮২ ব্যক্তির দেহে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া গেছে। আর রাজশাহীতে ৫৪ জন। এই দুই জেলার আক্রান্তদের বেশিরভাগ চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ১৫৪ জন করোনা রোগীর মধ্যে ৮৬ জন চাঁপাইনবাবগঞ্জের এবং ৪৮ জন রাজশাহীর। এদের মধ্যে ১৪ জন আইসিইউতে রয়েছেন। যাদের বেশীরভাই চাঁপাইনবাবগঞ্জের। সেখানকার রোগীদের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনার প্রথম ধাপে এ হাসপাতালে সর্বোচ্চ রোগী ছিল ৯৬ জন। কিন্তু দ্বিতীয় ধাপে সর্বোচ্চ রোগী বেড়ে দাড়ায় ১৩৬ জনে। ঈদের আগে সেটি কমে ৭১ জনে এসেছিল। কিন্তু ঈদের পর থেকে করোনা রোগীর চাপ বাড়তে শুরু করেছে। যা একদিনেই ১৬৮ জনে দাঁড়িয়েছে। এসব রোগীদের বেশীর ভাগই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।
তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার মধ্যরাত থেকে চাঁপাইনবাবগঞ্জে সাতদিনব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। লকডাউনের জন্য সাতদিন আগেই আমরা সুপারিশ করেছিলাম। রাজশাহীতেও লকডাউন প্রয়োজন বলে উল্লেখ্য করে শামীম ইয়াজদানী বলেন, এখানে বর্তমানে লকডাউন না দেওয়া গেলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নয়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ যে হারে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে এ ভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যাবে। এজন্য সদর হাসপাতাল চালুর জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহীর রোগীদের চেয়ে চাঁপাইনবাবগঞ্জের রোগীদের অবস্থা দ্রুত অবনতি হচ্ছে। ফলে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ভারতীয় ধরন আছে কি না তা পরীক্ষা করতে ৪৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরএ পাঠানো হয়েছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি। তাদের নমুনা পরীক্ষার ফলাফল পেলে এ বিষয়ে পরিবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কোন মানুষ রাজশাহী আসবে না। আর রাজশাহীরও কেউ চাঁপাইনবাবগঞ্জে যেতে পারবে না। এছাড়াও করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিটি উপজেলাতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। এর পরও যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তখন পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। আর বর্তমান পরিস্থিতিতে বন্ধ থাকা রাজশাহী সদর হাসপাতালটিও চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এখন শুধু অনুমতি পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।