খুলনার পাইকগাছা প্রশাসন ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। উপজেলা প্রশাসন ও থানা সমন্বয় করে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। উপজেলার ১০টি ইউনিয়নে ১০৮টি আশ্রয়ণ কেন্দ্র কাম সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রে ধারণ ক্ষমতা ৫৯ হাজার মানুষের। প্রতিটা ইউপি ওয়ার্ডে সংশ্লিষ্ট মেম্বরসহ ২ জন গ্রাম পুলিশ ও ২জন উপসহকারী মেডিকেল কর্মকর্তা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। জরুরী মুহুর্তের জন্য রাখা হয়েছে একটি এ্যামবুলেন্স ও ৫টি মোটরসাইকেল। আশ্রয়ণ কেন্দ্রে আশ্রিতদের জন্য ৪৮ঘন্টা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩০ হাজার পানি বিশুদ্ধ করণ টেবলেট, ৫ হাজার জারকিউ ও পর্যপ্ত রাখা হয়েছে স্যালাইন। এছাড়াও রয়েছে শুকনা খাবার চাল, ডাল, গো-খাদ্য। যারা আশ্রয় কেন্দ্রে থাকবেন তাদের বাড়ী ঘর ও মালামাল দেখাশুনার জন্য বিট অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপজেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা (পিআইও) ইমরুল কায়েস জানান, উপজেলায় ১০৮টি আশ্রয়ণ কেন্দ্র, যার মধ্যে কাম সাইক্লোন শেল্টার, স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এ বাদেও আরো শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। ঘূর্ণিঝড় প্রস্তুত কমিটির (সিপিপি) স্বেচ্ছাসেবক রয়েছে ২ হাজার ৫ শ। উপজেলার মধ্যে বেশি ঝুঁকিতে রয়েছে ৪ টি ইউনিয়ন। যার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ দেলুটি ইউনিয়ন। অপরদিকে বেড়িবাঁধ ভাঙ্গন আতঙ্কে রয়েছে উপকূল এলাকার মানুষ। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ফরিদ হোসেন জানান, পাইকগাছায় ২২২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। যার মধ্যে ঝুঁকিতে রয়েছে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ। লতা ইউনিয়নে ৬, দেলুটি ৭, সোলাদানা ৫, গড়ইখালী ৩, গদাইপুর ৫ ও লস্কর ৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তিনি আরো বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ খুবই দুর্বল হয়ে গেছে। অস্বাভাবিক পানি বাড়লে প্রায় সব স্থান থেকে পানি ছাপিয়ে পোল্ডারের ভিতরে ঢুকে প্লাবিত হবে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, আমরা প্রচার-প্রচারনা সহ আগাম প্রস্তুতি গ্রহণ করেছি। যদি অস্বাভাবিক কিছু হয় সেটি মোকাবিলার জন্য আমাদের পর্যাপ্ত জনবল রয়েছে।