ঘূর্ণিঝড় ইয়াশ মোকাবেলায় খুলনার পাইকগাছা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে দুর্যোগ প্রস্তুতি হিসাবে ২ হাজার সিপিপি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ১০ ইউনিয়ন ও পৌরসভার টিম লিডার এবং ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে মতবিনিময় করেন। এ সময় ইউএনও দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের জন্য সার্বক্ষনিক প্রস্তুত থাকার জন্য সিপিপি টিম লিডারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় থানার ওসি (অপারেশন) স্বপন রায় ও উপজেলা সিপিপি টিম লিডার আব্দুল্লাহ আল-মামুন সহ ইউনিয়ন ও পৌরসভার টিম লিডার ও সচিবগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড়ের সর্তক বার্তা অনুযায়ী উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পরবর্তীতে “ইয়াশ” নামে ঘূর্ণিঝড় উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে আবহাওয়া অধিদপ্তরের এমন আবাসের প্রেক্ষিতে পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে টিম লিডার সহ উপজেলার ২ হাজার সিপিপি সদস্যকে প্রস্তুত থাকতে বলেছেন।