বাগেরহাটের চিতলমারীতে হঠাৎ করে হোটেল-রেষ্টুরেন্টে খাবারে দ্বিগুণ মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন অনেকে। পাঁচ টাকার রুটি-পরোটা এখন দশ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। স্বল্প আয়ের লোকজন এখন সকালের নাস্তা করতে হিম-শিম খাচ্ছে। বিষয়টি তদারকির মাধ্যমে মূল্য নিয়ন্ত্রেণে আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ক্রেতা সাধারণ।
চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী রাজু মুন্সী জানান, মাত্র কয়েকদিন আগেও সকালের নাস্তার জন্য পাঁচ টাকায় একটি রুটি-পরোটা পাওয়া গেছে। এখন সেটির দাম দ্বিগুণ করে দশ টাকায় বিক্রি করা হচ্ছে। এ ছাড়া নাস্তার সাথে পাঁচ টাকায় যে ডাল-সবজি দেওয়া হত সেটির মূল্য এখন দশ টাকা নেওয়া হচ্ছে। এতে করে স্বল্প আয়ের লোকজনের জন্য খাবার ক্রয় এখন অসাধ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
চিতলমারী সদর বাজারের রেষ্টুরেন্ট ব্যবসায়ী মো. সুমন শেখ জানান, ময়দা এবং গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে রুটি-পরোটার দাম বাড়ানো হয়েছে।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী জানান, হোটেল-রেষ্টুরেন্টে খাবারের মূল্য বৃদ্ধির বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।