খুলনার দিঘলিয়া উপজেলার গণমানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতুর নির্মাণ এলাকা পরিদর্শন করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আবদুস সবুর। তিনি গতকাল বিকালে সেতু নির্মাণ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ইউনাইটেড ক্লাব মাঠে গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ সময় বলেন, সব আয়োজন সম্পন্ন, দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে খুলনা সড়ক ও জনপদ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন করিম গ্রুপ কে নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুলনা জোন সৈয়দ আসলাম আলী, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, খুলনা তত্বাবধায়ক প্রকৌশলী ( ফেরী সার্কেল) মোঃ মঞ্জুরুল হক, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ খুলনা মোঃ আনিসুজ্জামান মাসুদ, সাবেক সংসদ সদস্য শেখ সাঈদুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মশিউর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি ও মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মাওলানা মুজিবুর রহমান, সাংবাদিক একরামুল হোসেন লিপু, ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( অবঃ) মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহাবুবুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক অসিত কুমার অধিকারী, মেটেরিয়াল ইন্জিনিয়ার মোঃ মাহাবুবুর রহমান, কিউ এস মোঃ সামিউল ইসলাম, জি এম মেকানিক্যাল মেজর ( অবঃ) আসাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ শাহনেওয়াজ প্রমুখ।
দিঘলিয়া - রেলিগেট - আড়ুয়া - গাজীরহাট - তেরখাদা সড়কের ( জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর উপর ১৩১৬.৯৬ মিটার সেতু বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন করিম গ্রুপ ত্রিশ হাজার দুইশত আটাত্তর লাখ টাকায় নির্মাণাধীন সেতুর কাজ শুরু করে। আগামী দুই-তিনদিনের মধ্যে সেতুর ২৪ ও ২৫ নম্বর পিলারের টেষ্ট পাইলিং -এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।