রাজশাহীর বাঘায় মেয়ে ঘটিতর ঘটনায় দু’পক্ষের হামলায় ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর (খয়েরমিল) গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম রব্বেলের মেয়ে (১৫) প্রাইভেট পড়ার নাম করে রোববার (১৬ মে) দুপুরে বাড়ি থেকে বের হয়। পরে তাকে খোঁজ করে না পেয়ে নুরনগর (খয়েরমিল) গ্রামের হিরো উদ্দিনের ছেলে তানভির আহম্মেদ রুহানকে সন্দেহ করে মেয়ের পরিবার।
বিষয়টি নিয়ে মেয়ের পরিবারের লোকজন মঙ্গলবার সন্ধ্যায় হিরো উদ্দিনের বাড়িতে যায়। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হিরো উদ্দিনের বাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় বাড়ি ভাংচুর, নগদ টাকা, স্বর্ণালংকার, মালামাল লুট করে নিয়ে যায় বলে হিরো উদ্দিন দাবি করেন।
লুটপাটের সময় হিরো উদ্দিনের পক্ষে সাহাদত হোসেনের ছেলে আবদুল করিম প্রামানিক (৫৫), ইয়াসুল মন্ডলের ছেলে ইকবাল হোসেন (২৮), আকতার হোসেনের স্ত্রী সানোরা বেগম (৬০), জোয়াদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০), মুক্তার হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে লালন উদ্দিন (৪৫) বাধা দিলে মেয়ে পক্ষের লোকজনের হামলায় তারা আহত হয়।
এরমধ্যে আবদুল করিম প্রামানিক, ইকবাল হোসেন ও সানোরা বেগমকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে জহুরুল ইসলাম রব্বেলের ভাই আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন দাবি করে বলেন, হিরো উদ্দিনের লোকজন একত্রিত হয়ে পরে আমার লোকজনের উপর হামলা চালায়। এই হামলায় কাজী আবদুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম (৩৪), রুমেল আলী (২২), রুবেল আলী (২৫), সুকুর আলীর ছেলে শাওন আলী (২২), আশকান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৩৮), জুব্বার প্রামানিকের ছেলে আলাউদ্দিন (৩৫) আহত হয়। এরমধ্যে রবিউল ইসলাম, রুমেল আলী, আলাউদ্দিনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হিরো উদ্দিন বলেন, ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক করে বিয়ে করেছে। কিন্তু তারা কথায় আছে জানিনা। তারপরও আমাকে বারবার রাস্তাঘাটে হুমকি দেয়া হচ্ছে। এক পর্যায়ে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও মারপিট করা হয়েছে।
অপর দিকে জহুরুল ইসলাম রব্বেল বলেন, মেয়ে কথায় আছে তারা জানে। কিন্তু কোনমতে শিকার করছেনা। তাই আমরা তার বাড়িতে জানতে গেলে হিরো উদ্দিনের বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে। তবে ওখান থেকে চলে আসার পর তারা একত্রিত হয়ে আমার এলাকায় এসে লোকজনের উপর হামলা চালানো হয়েছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ সাপেক্ষে আইনী ব্যবস্থা নিব।