রাজশাহীর বাগমারায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই চালকের নাম আশরাফ আলী কবিরাজ (৪৪)। তিনি উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ মে) রাতে আশরাফ আলী মোটরসাইকেল নিয়ে মোহনপুর উপজেলার কেশরহাটে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ভবানীগঞ্জ- কেশরহাট সড়কের মরগা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এসময় সড়ক দিয়ে চলাচল করা লোকজন দেখতে পেয়ে দ্রুত তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। পার্শ্ববতি মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন কবিরাজ বলেন, নিহত ব্যক্তির দুই ছেলে-মেয়ে রয়েছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপরেও নিশ্চিত হওয়ার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মোটরসাইকেল চালকের মৃত্যু নিশ্চিত করে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।