রাজশাহীর পুঠিয়ায় ক্লিনিকে পিত্তথলিতে অপারেশন করার সময় রীতা রানী (৩৫) নামের এক রোগির মৃত্যু হয়েছে। ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন, অপারেশন শেষে রক্তশূণ্যতা হওয়ায় কারণে রোগিটি মারা গিয়েছে। ক্লিনিক মালিক ওই পরিবারকে আপোষ করানোর জন্য চেস্টা করছেন স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। মঙ্গলবার উপজেলা সদরে অবস্থিত বেসরকারি হাসপাতাল রায়হানা ক্লিনিকে এ ঘটনা ঘটে। রীতা রানী উপজেলার ঝলমলিয়া-ঋষিপাড়া এলাকার গণেশ সরকারের মেয়ে এবং কুষ্টিয়া সদর এলাকার নফরকান্দী এলাকার নিখিল দাসের স্ত্রী।
ভুক্তভোগির স্বামী নিখিল দাস বলেন, গত দুই মাস আগে ওই ক্লিনিকে সির্জারের মাধ্যমে আমাদের একটি বাচ্ছা হয়েছে। ওই সময় ক্লিনিকের চিকিৎসক বলে ছিলেন পিত্তথলিতে পাথর রয়েছে। দুই/তিন মাস পর আসলে তার অপারেশন করা হবে। সে অনুসারে মঙ্গলবার সকালে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলের দিকে অপারেশন করা হয়। সন্ধ্যার একটু আগে ক্লিনিকের লোকজন বলে তাকে রক্ত দিতে হবে। জরুরি ভাবে রাজশাহী মেডিকেলে নেওয়ার দরকার। আমরা মেডিকেল নিয়ে যাওয়ার পর সেখানে আমার স্ত্রী মারা যায়। রাতে লাশ নিয়ে বাড়ি আসলে ক্লিনিক মালিক একজন রাজনৈতিক নেতার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা শুরু করেন। পরে লাশ সৎকার করাতে কিছু টাকা দিয়েছেন। বুধবার (১৯ মে) ভোর রাতে পীরগাছা মহাশশ্মানে তাকে দাহ করা হয়েছে। ক্লিনিক মালিক মখলেছুর রহমান রাজু বলেন, সার্জন ডা. বেলাল হোসেন ও ডা. বিধান কুমার ফৌজদার রোগিটিকে আপারেশন করেছেন। অপারেশনের এক পর্যায়ে রোগির রক্তের প্রয়োজন দেখা দেয়। এবং তাকে রক্ত দেওয়া হয়। কিন্তু রোগির শরীরে রক্ত সহনীয় হয়নি। যার কারণে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়ে ছিল। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোগি মারা গিয়েছে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ক্লিনিকে রোগি মৃত্যু বিষয়টি আমাদের জানা নেই। আর বিষয়ে আমার নিকট কেউ থানায় অভিযোগ দেননি।