পঞ্চাশোর্ধ আফজাল হোসেনের বাস নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পদ্মপুকুর গ্রামে। এলাকায় যিনি হাঁস আফজাল হিসাবেই পরিচিত। গত ১০ বছর ধরে হাঁস পালনের সুবাদে এলাকায় তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। হাঁস পালন করতে গিয়ে নানা চড়াই-উৎরাই ও ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হলেও তিনি হাঁস পালনের নেশা হতে দুরে সরে যাননি। এমনও সময় গেছে তিনি নিজের জমি বন্ধকী রেখে হাঁস পালন চালিয়ে গেছেন। হাঁস চাষকে ঘিরেই তিনি জীবণের চাকাকে ঘুরিয়ে দেওয়ার স্বপ্ন বুনন করে চলেছেন।
সম্প্রতি পত্নীতলা-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পদ্মপুকুর মাঠে হাঁস চড়ানোর সময় কথা হয় সফল হাঁস চাষী আফজাল হোসেনের সাথে। আলাপচারিতায় তিনি জানান, তিনি আগে ক্ষুদে ব্যবসা করতেন। এলাকায় হাঁসের ডিম ও মাংসের ব্যাপক চাহিদা থাকায় তিনি হাঁস পালনে আগ্রহী হয়ে পড়েন। হাঁস চাষে যেমন লাভ আছে তেমনি ঝুঁকিও রয়েছে। যখন হাঁসের মড়ক লাগে তখন সবকিছু তছনছ করে দেয়। আবার কোন বছর বেশ ভালো লাভ হয়। লাভ লোকসান সমন্বয় করেই টিকে থাকতে হয়। গত ১০ বছরে হাঁস চাষের সফলতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভালো ভাবে খেয়ে পড়ে বেঁচে আছি। একটা ইটের বাড়ি নির্মাণ করছি যার কাজ চলমান রয়েছে। হাঁস চাষে মোটামুটি লাভ হলেও গত ২বছর ধরে লাভ কম হচ্ছে। করোনা ভাইরাসের কারণে হাঁসের বাচ্ছার দাম কমে যাওয়ায় ডিমের চাহিদা কমে গেছে। আগে এক হালি ডিম ৪৮ টাকায় বিক্রয় হলেও বর্তমান ডিমের বাজার ৩৬টাকা হালি। এ কারণে লাভের পরিমাণ কমে গেছে। আফজাল হোসেন জানান, কম খরচে হাঁস চাষের লক্ষ্যে তিনি খাঁচার পরিবর্তে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস চাষ করছেন। মাঠে যখন ধান থাকে তখন তিনি হাঁসগুলোকে নিয়ে বিল এলাকায় চলে যান এবং সেখানেই অবস্থান করেন। মাঠের ধান কাটা শুরু হলে আবারো হাঁসগুলো নিয়ে ফিরে আসেন। এ কাজে তাঁর ছেলে তাঁকে সহায়তা করে থাকেন। আলাপচারিতায় আফজাল হোসেন আরো জানান, বর্তমানে তাঁর খামারে ৬শতটি ক্যাম্বেল জাতীয় হাঁস রয়েছে। এখান থেকে তিনি প্রতিদিন ২৫০ থেকে ২৭০টি ডিম পাচ্ছেন। প্রতিটি হাঁস ৩শত ৫০ টাকা হতে ৪শত টাকায় বিক্রয় হবে বলেও তিনি জানান।
সফল হাঁস চাষী আফজাল হোসেন বলেন, তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে এলাকার অনেকেই ছোট ছোট হাঁসের খামার গড়ে তুলেছেন। তিনি আক্ষেপ করে বলেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি খামারের পরিধি বাড়াতে চাইলেও অর্থাভাবে তা পারছেন না। সহজ শর্তে ও জামানতবিহীন ব্যাংক ঋণের সুবিধা পেলে তিনি বড় পরিসরে হাঁসের খামার গড়ে তুলতে আগ্রহী।