বিরলে অতিমারী কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড় সমূহে এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ এবং পথসভা করা হয়।
মঙ্গলবার সকালে বিরল পৌরশহরের বকুলতলা মোড়ে ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল মোকাদ্দেস।
এ সময় মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ তানজিমুল হক, স্বাস্থ্য পরিদর্শক মঈনুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর সুমঙ্গল সরকারসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
০৩ দিন ব্যাপী এ ক্যাম্পেইনের ১ম দিনে মাস্ক পরিধান বিহীন জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল মোকাদ্দেস জানান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আহাদ আলী মহোদয়ের নির্দেশনায় তিনদিন ব্যাপী করোনা প্রতিরোধের জন্য জনউদ্বুদ্ধকরন ক্যাম্পেইনে আজ বিরল বাজারে মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ এবং পথসভা করা হয়েছে।
পথসভায় তিনি করোনা প্রতিরোধে ঘর থেকে বাইরে বের হলে সকলকে অবশ্যই মাস্ক পরিধান করার অনুরোধ করেন।