উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যৌবনে ফিরতে শুরু করেছে রাজশাহীর পদ্মা। প্রতিবছরই গ্রীষ্ম মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় পদ্মা নদী হারায় তার চিরচেনা রুপ। গত ৪৮ ঘন্টায় রাজশাহীর এ পদ্মায় পানি বেড়েছে ৯ সেন্টিমিটার। তবে গত এক সপ্তাহের হিসেব মতে পানি বেড়েছে প্রায় ২ মিটার। আর এমন গতিতে পানি বাড়ায় শঙ্কার মধ্যে পড়তে যাচ্ছে পদ্মা পাড়ের বসতিরা। তবে এটাকে আপাতত শঙ্কা নেই বলে জানিয়েছেন পাউবো।
এ তথ্য নিশ্চিত করে সোমবার (১৭ মে) সন্ধ্যায় মুঠোফোনের মাধ্যমে রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মা নদীর পানির পরিমাপকারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক জানান, চলতি মাসের গত ১০ মে থেকে প্রতিদিনই পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার বাড়লেও আগের দিন রোববার (১৬ মে) পানি বেড়েছিল ৭ সেন্টিমিটার। রাজশাহীতে বৃষ্টিপাত তেমন না হলেও পানি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, ধারণা করা হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই পদ্মার পানি বাড়ছে।
গেজ রিডার এনামুল জানান, গত বছর এপ্রিল মাস থেকেই পদ্মায় পানি বাড়া শুরু হয়েছিল। কিন্তু চলতি বছরে পূর্বের ধারাবাহিকতা রক্ষা হয়নি। এবার এক মাস পিছিয়ে মে মাস থেকে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে। সর্বশেষ সোমবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় পদ্মার রাজশাহী সীমান্তে পানি দেখা যায় ৮ দশমিক ৪৬ সেন্টিমিটার। আগের দিন রোববার (১৬ মে) ছিলো ৮ দশমিক ৪৪ সেন্টিমিটার। আর শনিবার (১৫ মে) ছিলো ৮ দশমিক ৩৭ সেন্টিমিটার। ফলে গত ৪৮ ঘণ্টায় পানি বেড়েছে ৯ সেন্টিমিটার।
এর আগে গত ১০ মে পদ্মায় পানি ছিলো ৭ দশমিক ৮৩ সেন্টিমিটার, ১১ মে ছিলো ৭ দশমিক ৮৬ সেন্টিমিটার, ১২ মে পানি বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৯৩ সেন্টিমিটারে। আর গত ১৩ মে ছিলো ৮ দশমিক ৭ সেন্টিমিটার। তবে ১৪ মে একদিনেই ১৮ সেন্টিমিটার পানি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ২৫ সেন্টিমিটারে। ফলে বোঝায় যাচ্ছে পদ্মায় প্রতিদিনই বাড়ছে পানি। তবে আমাদের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে পানি বাড়ার গতিও বাড়বে। আর এখন বর্ষা মৌসুম চলমান থাকায় এই পানি বাড়া স্বাভাবিক বলেও জানিয়েছেন গেজ রিডার এনামুল হক।