নওগাঁর পত্নীতলায় সোমবার জেলা পরিষদ ডাক বাংলোয় রক্ত দাতাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে রক্তের ফেরিওয়ালা নামে খ্যাত এ,জেড মিজানের উদ্যোগে ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষ্যে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শত ডোনার অংশগ্রহণ করেন।
জানা গেছে এলাকার উদ্যোমী যুবক এবং নজিপুর বাসষ্ট্যান্ড বণিক কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ২০১৩ সালে এক অসহায় ব্যক্তিকে রক্তদান করেন। এ সময় থেকেই মানুষকে রক্ত দিয়ে জীবণ বাঁচানোর মহতী উদ্যোগের চিন্তা তাঁর মাথায় ঘুরপাক খেতে শুরু করে। প্রাথমিক অবস্থায় আত্বীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের তালিকা করে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করতে শুরু করেন। একজনের রক্তে অন্য জনের জীবণ বাঁচার পর বেঁচে যাওয়া ব্যক্তির সুখের হাসি রক্ত সংগ্রহের ক্ষেত্রে তাঁর নেশায় পরিণত হয়। বর্তমানে তাঁর অধীনে থাকা রক্ত দাতার সংখ্যা ২হাজার ২শত ৩৪জন। যারা এ পর্যন্ত প্রায় ৩হাজার ২শত ব্যাগ রক্ত দান করে অসংখ্য মানুষের জীবণ বাঁচিয়েছেন। এই রক্ত দাতাদের অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষের জীবণ বাঁচানোর তাগিদে তাঁরা নিজ খরচে উপজেলার বাহিরেও বিভিন্ন জায়গায় গিয়ে রক্ত দান করে থাকেন।
রক্তের ফেরিওয়ালা খ্যাত এ. জেড মিজানের উদ্যোগে সংগ্রহ করা ৩ হাজার ব্যাগ রক্তদান পূর্তি উপলক্ষ্যে আয়োজিত মিলন মেলায় বিশিষ্ট ব্যবসায়ী মো. হানজালার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পিযুষ কুমার, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. দেবাশীষ রায়, নজিপুর বাসস্ট্যান্ড বস্ত্র সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সাগর, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন পারভেজ প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলা পর্যায়ে ব্যক্তি উদ্যোগে এত বেশী সংখ্যক মানুষকে রক্ত সংগ্রহ করে দেওয়ার ঘটনা বিরল। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উদ্যোক্তা ও রক্ত দাতাদের সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ বিষয়ে আয়োজক এ, জেড মিজান বলেন, ৩হাজার ব্যাগ রক্তদান সম্পন্ন হলে রক্ত দাতাদের সম্মানিত করার জন্য তাদের নিয়ে মিলন মেলার চিন্তা মাথায় আসে। আগামী দিনগুলিতে রক্ত দাতার সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অধিক মানুষকে সেবা প্রদানের প্রচেষ্টা চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।