চলমান করোনা মহামারিসহ বিভিন্ন কারণে ভারাক্রান্ত হৃদয়ে ঈদ উদ্্যাপন করেছে রাজশাহীবাসী। আর এ সময়কালে বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্য বিধি। তবে রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সকল মোনাজাতেই বাংলাদেশসহ গোটা বিশ্বে চলমান করোনা মহামারি থেকে সবাইকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়েছে। একইসঙ্গে জীবনের সব পাপ মোচন, এক মাসের সিয়াম সাধনা কবুল ও নাজাতের জন্য প্রার্থনা করা হয়। আর বিভাগীয় শহর রাজশাহীর প্রধান ঈদ জামাত থেকে হিংসা-বিদ্বেষ, হানাহানি আর কূপম-ুকতার বিপরীতে মানবিক মূল্যবোধ এবং পরমতসহিষ্ণুতার বারতা ছড়িয়ে দিয়ে এক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। এ ছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বিনোদন প্রেমীদের উপচেপড়া ভীড়।
অন্যদিকে মুসলমানদের ওপর ইসরাইল কর্তৃক হামলাসহ মহামারি করোনার ছোবলে স্থবির হয়ে থাকা বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিতরা ভারাক্রান্ত হয়ে হতাশার মধ্যে ঈদ উদ্্যাপন করেছে। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানানোর পাশাপাশি নতুন করে হামলা না চালানোরও অনুরোধ করেছেন রাজশাহীবাসী। এছাড়াও ঈদের ছুটিতে রাজশাহীতে ঘটে যাওয়া সড়ক দূর্ঘটনা ও বজ্রপাতে নিহতসহ ভারাক্রান্ত তালিকায় রয়েছে যাত্রীবাহী বাসে কর্মরত রাজশাহীর প্রায় ১১ হাজার শ্রমিক। যার মধ্যে দূরপাল্লার পরিবহনে সম্পৃক্ত রয়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। রোববার (১৬ মে) সন্ধায় তথ্যটি নিশ্চিত করেছেন পরিবহন নেতা আবদুল মমিন।
এছাড়াও দূরপাল্লার বাস পরিচালনার দাবিতে ঈদের দিনেও রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে মোটরশ্রমিকরা। শুক্রবার ( ১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ করে। এ সময় সংক্ষিপ্ত পথসভায় রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করেন লকডাউনের কারণে পরিবহন খাতে জড়িত রাজশাহীর প্রায় ২০ হাজার শ্রমিক ও তাদের পরিবার এখন দিশেহারা। তাদের জীবন-জীবিকাও থেমে গেছে। এ অবস্থায় দূরপাল্লার বাস চালুর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ঈদের ছুটির মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসের চালক রাজু আহমেদ (৪৫)। এ সময় মাইক্রোবাস ও প্রাইভেটকারে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। বুধবার (১২ মে) ভোর সাড়ে ৪টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় ঢাকাণ্ডরাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু যশোর জেলার মাগুরা এলাকার রেজাউল ইসলামের ছেলে। আর রাজশাহীর বাগমারা ও বাঘা উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছে চার জন। শনিবার (১৫ মে) বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম (২৩), একই গ্রামের মৃত সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম (৩৩), বাগমারা উপজেলার হাজরাপুকুর গ্রামের নিজাম উদ্দিন (৫৫) ও বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু (৩২)। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছে আরো ছয় জন। ফলে সব মিলেয়ে ভারাক্রান্ত হৃদয়ে ঈদ উদ্্যাপন করেছে রাজশাহীবাসী।
এদিকে রোববার (১৬ মে) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রেরিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট ৫১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ ৩০৫ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৩৫ জন। এদের মধ্যে ২৯ হাজার ৯৪৪ জন সুস্থ হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের কয়েকজন বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটি কাটাতে মানুষ স্বাস্থ্যবিধি কম মানায় করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা না হলে এ অঞ্চলে করোনার প্রকোপ আরো বেশি বৃদ্ধি পাবে বলেও জানান বিশেষজ্ঞরা।
অন্যদিকে এরইমধ্যে মহানগরীর পঞ্চবটি আই বাঁধ থেকে শ্রীরামপুর টি-বাঁধ পর্যন্ত ঈদের আনন্দ উপভোগ করতে রাজশাহীর পদ্মাপাড় ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর। তীব্র রৌদ্রের প্রখরতার মধ্যে থাকা এই জনস্রােতে স্বাস্থ্যবিধির মানার বিষয়টি তেমনভাবে লক্ষ্য করা যায়নি।