সরাইলের পাকশিমুলে সিএনজি চালক দেলোয়ার হত্যার পর আসামীদের বাড়ি ঘরে চলছিল ভাংচুর লুটপাট। দাঙ্গা হাঙ্গামা ও আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউপি সদস্যকে শোকজ করেছেন ইউএনও। এবার গ্রামের বালুর চড় এলাকায় আগুনে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে হয়েছে মামলা। গত ১১ মে মাহবুর রহমান বাদী হয়ে আদালতে দায়ের করা ওই মামলায় আসামি ২২ জন। প্রধান আসামি করা হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে। আর বাদী বলছেন এই মামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি কোন স্বাক্ষর দেয়নি। মামলাও করিনি। এ আগুনকে রহস্যজনক বলছেন পুলিশ। সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানায়, দেলোয়ার হত্যা কান্ডের ঘটনায় সম্প্রতি রহস্যজনক আগুনে পুড়ছে পাকশিমুল। গত ৯ মে হত্যা মামলার পলাতক আসামি কালা মিয়ার জনমানব শুন্য বসত ঘরে কে বা কারা আগুন দেয়। এই আগুন থেকে প্রতিবেশী আবদুস সালাম ও আবুল মিয়ার ঘরও পুড়ে ছাঁই হয়ে যায়। তারা দুজনই নিরীহ লোক। আগুনে আবুল মিয়ার প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। দেড়-দুই লাখ টাকার ক্ষতি হয়েছে আবদুস সালামের। গত ১৩ মে রাতে মামলার আসামি সাইদুল ইসলামের ভাংচুর করা পরিত্যাক্ত ঘর আগুনে পুড়িয়ে দেয়। আগুনে বসত ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১১ মে কালা মিয়ার ছোট ভাই মাহবুর রহমান বাদী হয়ে মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে প্রধান আসামি করে ২২ জনের বিরূদ্ধে আদালতে এজহার জমা দিয়েছেন। কিন্তু পেশায় রাজমিস্ত্রী মাহবুর রহমান বলেন, আমি ৫ বছর ধরে ঢাকায় বসবাস করছি। শুনছি যারা আগে বাড়ি ঘর ভাংচুর করেছে তারাই আমার বড় ভাইয়ের খালি ঘর আগুনে পুড়িয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা আমি জানি না। আমি কোন মামলা করিনি। ব্রাহ্মণবাড়িয়ায় যায়নি। মামলা করবও না। এই মামলার বিষয়ে আমি অবগত নয়। আগুনের মামলার প্রধান আসামি আবুল কাশেম বলেন, আমাদের কোন লোক আগুন দেয়নি। সব মিথ্যা। আমাদের হত্যা মামলাকে দূর্বল করার জন্য প্রতিপক্ষের লোকজন নাটক সাজিয়েছে। সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, আমরা সরজমিনে ঘুরে দেখেছি। আগুনের ঘটনাটি রহস্যজনক বলে হচ্ছে। রয়েছে অস্পষ্টতা। তারপরও আমরা আরো তদন্ত করছি। তদন্ত শেষেই চুড়ান্ত সিদ্ধান্ত নিব। আধিপত্য বিস্তার ও জায়গা দখলকে কেন্দ পাকশিমুলে গত ৭ এপ্রিল সিএনজি চালক দেলোয়ার হত্যার কান্ডের পর হয় মামলা। প্রধান আসামি করা হয় ইউপি আ.লীগের সভাপতি ও চেয়ারম্যানকে। গ্রেপ্তার এড়াতে আসামিরা গ্রাম ছেড়ে দেয়। ইউপি সদস্য মোতালিব ও পুলিশের সোর্স পরিচয়দানকারী আকবরের নেতৃত্বে আসামীদের বাড়িঘর ভাংচুর লুটপাট। আসামি করার ভয় দেখিয়ে ৭০-৮০ লাখ চাঁদা আদায়ের অভিযোগও ওঠেছে। ধান কাটতেও আকবরকে দিতে হয়েছে টাকা। হত্যা কান্ডকে পুঁজি করে আকবর এখন বেপরোয়া। চাঁদা দেয়ার কথা কাউকে বললেই আকবর চড়াও হয়ে বাড়িঘর ভাংচুর করে। ইউপি সদস্য মোতালিব বিতর্কিত ও বিরোধপূর্ণ জায়গায় রাতের অন্ধকারে মাটি ফেলে ভরাট করে পরিস্থিতি ঘুলাটে করার চেষ্টা করছেন। পুলিশ ও উপজেলা প্রশাসন ওই জায়গায় কাজ করতে নিষেধ করেছেন মেতালিবকে। পাকশিমুল এলাকায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির ইন্ধন ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৬ মে ইউপি সদস্য মোতালিবকে শোকজ করেছেন ইউএনও মো. আরিফুল হক মৃদুল।