মহামারী করোনার মধ্যেও পাবনার সুজানগরে থেমে নাই ঈদ আনন্দ। ঈদের ছুটিতে বাড়িতে আসা উপজেলার হাজার হাজার ভ্রমণ পিপাসু নারী-পুরুষ ঈদের দিন উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এবং সাতবাড়ীয়া ইউনিয়নের নারুহাটি পদ্মা নদীর পাড়ে ঈদ আনন্দে মেতে উঠেন। এদিন পদ্মাপাড়ের ঐ দু’টি পয়েন্ট এলাকার মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম বলেন ঈদুল ফিতরের দিন বিকালে উপজেলার হাজার হাজার নারী-পুরুষ মাইক্রোবাস, সিএনজি এবং মোটর সাইকেলসহ নানা ধরনের যানবাহনযোগে পদ্মাপাড়ের ঐ দু’টি পয়েন্ট এসে ঈদ আনন্দে মেতে উঠেন। এদের মধ্যে অনেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে পরিবারপরিজন নিয়ে পদ্মা নদী ভ্রমণ করে আনন্দ করেন। এ আনন্দ যেন কক্সবাজার এবং রাঙ্গামাটির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের আনন্দকে ম্লান করে দেয়। মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন এলাকায় তেমন বিনোদন কেন্দ্র নেই। তাছাড়া করোনা মহামারীর কারণে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ। সেকারণে ঈদের ছুটিতে বাড়িতে আসা সকল বয়সী মানুষ ঈদ আনন্দ করতে পদ্মা নদীর ঐ দু’টি উম্মুক্ত পাড়ে ভীড় জমায়। তারা ঈদের দিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে সাউন্ড বক্স এবং বাদ্যযন্ত্র বাজিয়ে হৈই চৈই করে ঈদ আনন্দ করেন। রাইপুর পদ্মা নদীর পাড়ে ঈদ আনন্দে আসা উপজেলার উলাট গ্রামের আলতাফ হোসেন বলেন পদ্মাপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নয়নাভিরাম। তাছাড়া এখানকার পরিবেশও অত্যন্ত সুন্দর। সেকারণে বছরের দু’টি ঈদে দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়িতে আসা লোকজন পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে আনন্দ ভ্রমণে আসেন। থানার কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে তথা ঈদ আনন্দ নির্বিঘœ করতে পদ্মা নদীর ঐ দু’টি পয়েন্টে প্রতি বছরের ন্যায় এ বছরও পুলিশ মোতায়েন করা হয়।