ঈদুল ফিৎ্র-এর কেনাকাটার শেষ মুহূর্তে পোশাকের পাশাপাশি বিশেষ স্থান দখল করে আছে পবিত্রতার প্রতিক আতর, সুরমা ও টুপি। তাই সাধারণ সময়ের চেয়ে মঙ্গলবার (১১ মে) এসবের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিলো চোঁখে পড়ার মত। আর ক্রেতাদের পছন্দের সুগন্ধি সরবরাহ করতে বিক্রেতাদের ব্যস্ততাও বেড়েছে অনেক বেশি। যে কারণে এ তিনটি পণ্যের কদরও বেড়েছে কয়েকগুণ। আর মহানগরীর বাজারগুলো দেখলে মনেই হবেনা দেশে কোন করোনার আক্রমণ চলমান রয়েছে। বাজারগুলোতে নেই কোন স্বাস্থ্যবিধি মানার বালাই। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হলেও তা মানার কোন বালাই নেই। আর এ বিষয়ে নেই প্রশাসনের কোন তদারকিও।
ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, রমজানের শেষ দশকে অধিকাংশ ক্রেতা পোশাক পরিচ্ছদ কেনার পর্ব শেষ করেছেন। তবে লেডিস কর্নারগুলোতে মহিলা ক্রেতাদেরও ভীড় ছিল লক্ষনীয়। ঈদকে ঘিরে ছোট-বড় সকল শ্রেণীর মানুষের মাঝে বইতে শুরু করেছে আনন্দের জোয়ার। শেষ সময়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন শপিংমলগুলোতে শুরু হয়েছে কেনা কাটার ধুম।
রাজশাহী মহানগরীর অন্যান্য দোকানগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে ব্যস্ততা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলে তাদের বেচাকেনা। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসছে ক্রেতার সংখ্যা আরো বাড়ছে। তবে দেশি ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের এসব আতর কতটুকু স্বাস্থ্য সম্মত সে বিষয়ে ক্রেতা বা বিক্রেতাদের কোন নজরই নেই। আর করোনার অজুহাতে বাজারে আমদানি কম অজুহাত দেখিয়ে অন্য পণ্যের ন্যয় আতরের দামও বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।
এ বিষয়ে আতর ঘরসহ মহানগরীর হড়গ্রাম বাজারের কয়েকজন ব্যবসায়ীদের ভাষ্য, কেয়ামতের পূর্ব পর্যন্ত এমন অভিযোগ থাকবে। বেশির ভাগই ক্রেতা মান সম্পন্ন পন্য ব্যবহারে উৎসাহী নয়। তারা শুধু দামের দিকটাই দেখে, মানের দিকে নয়। আতরের দাম বাড়লেও এ বিষয়ে কোন আপত্তি নেই ক্রেতাদের।
বিক্রেতা ইমামুল বলেন, ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সৌদি আতর। সৌদি আতরের মধ্যে রয়েছে- সুলতান, সিলভার, রর্ডস, সফট, দালাল, এ্যারোসা, আল-ফারিস, বাখুর। প্রতি বোতল আতর বিক্রি হচ্ছে দুইশ’ থেকে তিনশ’ টাকা পযর্ন্ত। ইন্ডিয়ার আতরের মধ্যে রয়েছে- মজমা, জেসমীন, ফেন্সি বুকেট, সালমা, ফান্টাসিয়া, ভিকি। এ আতর প্রতি আউন্স বিক্রি হচ্ছে দুইশ’ থেকে তিনশ’ টাকা। এছাড়াও বিভিন্ন দামে বিক্রি হচ্ছে দেশীয় আতর। এর মধ্যে- শাহী দরবার, কাঁচা বেলী, ফাওয়াকী, মদীনা, সিকে অন সায়মা, ব্লাক স্টোন, বকুল, মুসকে আম্বার, গোলাপ, কোবরা, লীলা, গোলে লায়লা, ম্যাগনেট ইত্যাদি।