‘সরকার সব সময় জনগণের পাশে আছে। তবে সবাইকে মনে রাখতে হবে জীবন আপনার। তাই করোনার হাত থেকে নিজেকে বাঁচাতে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।’ মহামারী করোনা ভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রাজশাহীতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। সোমবার (১০ মে) সকালে রাজশাহী রিভারভিউ কালেক্টরেট মাঠে ৩৬০ জন অসহায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে এ উপহার প্রদান করা হয়।
উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সেমাই ও ৫০০ গ্রাম গুড়ো দুধ প্রদান করা হয়। আর প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও এ সময় জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এএনএম মইনুল ইসলাম, স্থানীয় সকরকার বিভাগের উপপরিচালক ড. চিত্রলেখা নাজনিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোশকতায় এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আর বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বলে জানিয়েছেন তথ্যবিবরণী।