নওগাঁর মান্দায় মা দিবসের দিনে কালের কণ্ঠ অনলাইন সেকশনের সহ-সম্পাদক কাওসার বকুলের মা খাদিজা বেগমের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিক বকুলের গ্রামের বাড়ি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
হামলাকারীরা আক্রান্ত খাদিজা বেগমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত খাদিজা বেগম এখন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় সোমবার দুপুরে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার ইফতারের পর সন্ধ্যা অনুমান ৭টার দিকে কাওসার বকুলর মা খাদিজা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী রমজান আলী ধান কাটা উপলক্ষে ছিলেন মাঠে। এমন সময় বাড়িতে উপস্থিত হন একই গ্রামের ইউসুফ আলীর স্ত্রী জোছনা বেগম ও তার মেয়ে রিয়া। খাদিজা বেগমকে উঠোনে একা পেয়ে জোছনা বেগম তার মাথায় হাঁসুয়া দিয়ে পরপর আঘাত করতে থাকেন। এ সময় তার মেয়ে রিয়া লাঠি দিয়ে আঘাত করছিলেন। মিনিখানেকের মাধ্যে এই ঘটনা ঘটিয়ে খাদিজা বেগম মারা গেছেন ভেবে হামলাকারী দুজনেই পালিয়ে যান।
এদিকে জোছনা-রিয়াকে হাঁসুয়া ও লাঠি হাতে কাওসার বকুলদের বাড়ির দিকে যেতে দেখেন প্রতিবেশি জামাল হোসেন এবং আদুরী বেগম। তারা খারাপ কিছু আশঙ্কা করে এগিয়ে গিয়ে দেখেন খাদিজা বেগম রক্তাক্ত এবং অজ্ঞান অবস্থায় উঠোনে পড়ে আছেন। ওই সময় জামাল হোসেন, আদুরী বেগম, জমিলা বেগমসহ কয়েকজন প্রতিবেশি মুমূর্ষু খাদিজা বেগমকে উদ্ধার করে সাবাইহাটে স্থানীয় চিকিৎসক মোজাম্মেল হকের কাছে নিয়ে যান।
প্রত্যক্ষধর্শীরা জানান, সেখানে ডা. মোজাম্মেল হকের চিকিৎসায় খাদিজা বেগমের জ্ঞান ফিরে আসে। তখন তিনি জানান যে, অভিযুক্ত জোছনা বেগম তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়েছে। এ সময় তার মেয়ে রিয়া লাঠি দিয়ে মারপিট করে। ডা. মোজাম্মেল হক রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটা সম্ভব হয়নি। পরে আহত খাদিজা বেগমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ঘটনার পেছনের কারণ নিয়ে সাংবাদিক কাওসার বকুল জানান, ২০১৮ সালে হামলাকারী জোছনা বেগম অমানবিক এক কান্ড ঘটিয়েছিলেন। তিনি কাওসার বকুলদের ২২ দিন বয়সী একটা বাছুরকে মাথায় আঘাত করে হত্যা করেন। ওই সময় ঘটনাটি মিডিয়াতেও আসে। পরে গ্রাম্য সালিশে জোছনা বেগম ঘটনার দায় স্বীকার করে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন। কাওসার বকুলের আশঙ্কা, ওই ঘটনার প্রতিশোধ নিতেই জোছনা বেগম তার মায়ের ওপর হামলা চালিয়েছেন।
এ ঘটনায় সোমবার দুপুরে সাংবাদিক কাওসার বকুলের বাবা রমজান আলী বাদি হয়ে হামলাকারী জোসনা বেগম, তার স্বামী ইউসুফ আলী ও মেয়ে রিয়ার বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক কাওসার বকুলের মাকে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।