পরিবারের লোকজন অপেক্ষায় আছে মকলেছুর রহমান বাজার করে বাড়ি ফিরবেন। এরপর হবে রান্না। কিন্তু সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মকলেছুর যখন বাড়ি ফিরলেন তখন তার প্রাণহীন নিথর দেহটি দেখে শুধু পরিবারের লোকজন নয়, কাঁদছে পুরো গ্রাম। কারণ বাজার করতে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে মকলেছুর রহমান।
শনিবার সকাল ৯ টার দিকে পথে ট্রাকের সাথে ধাক্কায় তার মৃত্যু হয়। মকলেছুর রহমান রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামের আসতুল মন্ডলের ছেলে।
পুলিশ ও পারিবারের সদস্যরা জানান, মকলেছুর রহমান একজন দিনমুজুর। গত কয়েকদিন লাগাতার ধান কাটা কাজ করার কারণে বাজার করার সুযোগ হয়নি তার। বাড়িতে লবন তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস কিছুই ছিল না। সেজন্য কাজের টাকা পেয়ে শনিবার সকালে বাজার করতে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় মকলেছুর। ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া-ডাকরা সড়কের ক্ষমতার মোড় নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক এসে মকলেছুরের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই মারা যান তিনি।
চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি আমাদের বেশ শোকাহত করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।