পরিবারদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতেই হাটে ধান বিক্রি করতে গিয়েছিলেন। কিন্তু মুহুর্তের মধ্যেই ঈদ আনন্দ ম্লান হয়ে গেল। নিজেদের সাথে সাথে নিয়ে গেল পরিবারের আনন্দটিও। হাটে পরিবহনকৃত অটোভ্যান চালকসহ দুই জনই ফিরেছেন, তবে লাশ হয়ে। তাদের প্রত্যাবর্তন হবে নতুন ঠিকানায়। যে ঠিকানার নতুন বসতি থেকে আর পৃথিবীতে থাকা পরিবারের কাছে ফিরতে পারবেনা না। এরা হলেন- উপজেলার মহিষালবাড়ি সাগরপাড়া এলাকার ইয়াহিয়ার ছেলে ইসরাইল হোসেন (৪৫) ও একই এলাকার আতাউর রহমানের ছেলে ভ্যান চালক মো. রনি (২৫)। নিহত ইসরাইল স্থানীয় বিদ্যুৎ অফিসের লাইনম্যান পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শনিবার (০৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তারা নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ১৪ জন।
এ তথ্য নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের ঊদৃতি দিয়ে গোদাগাড়ী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি শনিবার বিকেল ৪টার দিকে মুঠোফোনের মাধ্যমে জানান, ঘাতক ওই ট্রাকটিতে করে বৈদ্যুতিক খুটি ও মাটি কাটা স্কেভেটর যন্ত্র বহনকারী ট্রাকটি ব্রেক ফেল করার কারণে গোদাগাড়ীর জৈটাবটতলা এলাকা থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন যানবাহনকে ধাক্কা দিতে দিতে আসছিল। এভাবে প্রায় ১০ কিলোমিটার আসার পর ট্রাকটি ধানের হাটে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশেষায়িত হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
ওসি বলে, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক চালক আসাদকে (৩৭) আটক করা হয়েছে। সেই সাথে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আর নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্তে আগ্রহী না থাকার বিষয়ে লিখিত দেওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।