ইউপি নির্বাচনে বিপক্ষকে দমন ও পক্ষে আধিপত্য ও এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে প্রভাব বিস্তারের লক্ষ্যে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের মোসলেম শেখের পুত্র রিজাউল শেখ (৫২)কে মারাত্মক আহত করেছে। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশংকাজনক।
এলাকাবাসী ও দিঘলিয়া পুলিশ সূত্রে জানা যায়, লাখোহাটি গ্রামের মোসলেম শেখের পুত্র রিজাউল শেখ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনসার আলীর নির্বাচনী কর্মী ছিল। সে গতকাল সন্ধ্যার দিকে উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে জামাই বাড়ি যাচ্ছিল। এ সময় তার পুত্র নাহিদ (১০) সাথে ছিল। রিজাউল শেখ নন্দনপ্রতাপ গ্রামের ব্রীজের কাছে এলে পূর্ব থেকে ওত পেতে থাকা ৮/১০ জনের এক চিহ্নিত সংগঠিত সন্ত্রাসী দল তার উপর চড়াও হয়এবং চারদিক থেকে তার গতি রোধ করে। তাকে লাঠি সোটা ও হাতুড়ি পেটা করে মারাতœক আহত অবস্থায় ফেলে রেখে আগত সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।তার অবস্থা আশংকাজনক বিধায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।