খুলনার পাইকগাছায় পল্লীতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাইচ মিল স্থাপন করায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া এলাকার শংকর ঢালীর রাইচ মিলে যান। এ সময় অনুমোদনের প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে না পারায় শংকর ঢালীর রাইচ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন ইউএনও খালিদ হোসেন। একই সাথে তিনি নূন্যতম পরিবেশ ও খাদ্য অধিদপ্তরের অনুমোদন নেওয়ার জন্য মিল মালিক শংকরকে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক। উপজেলার সোলাদানা ইউপি'র ছালুবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ ঢালীর ছেলে বর্তমানে পৌর বাসিন্দা শংকর চন্দ্র ঢালী তার গ্রামের বসতবাড়ী সিমানায় প্রায় ৬ মাস পূর্বে একটি রাইচ মিল স্থাপন করেন। পরিবেশের কথা ভেবে শুরুতে প্রতিবেশীরা জনবসতি এলাকায় মিল স্থাপনের বিরোধিতা করে আসছিল। এ নিয়ে একপর্যায়ে থানা পুলিশ পর্যন্ত গড়ালেও সমস্যার সমাধান হয়নি। সর্বশেষ মৃত শশধর ঢালীর ছেলে মনিভূষন ঢালী স্থানীয়দের পক্ষে মিল মালিক শংকর ঢালীর বিরুদ্ধে এমপি আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, জনবসতি স্থানে যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে স্থাপিত রাইচ মিলের কর্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।