নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া মোড়ের অদুরে মিলনের ইটভাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সাতবাড়িয়া মোড়ের অদুরে মিলনের ইটভাটা এলাকায় ওই নারীর ছিন্নভিন্ন মরদেহ পড়ে ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, রাস্তায় পড়ে থাকার কারণে লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় সেটি ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গেছে। এখন পর্যন্ত ওই নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তবে জব্দকৃত আলামত থেকে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।