বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য বিনামূল্যে ঘর এবং জমি উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।
এরই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলায় ইতোমধ্যে ২ টি আশ্রয়ণ কেন্দ্র নির্মিত হয়েছে। এ দু’টি আশ্রয়ণ কেন্দ্রে মোট ৬৯ টি পরিবার এবং দেয়াড়া কলোনীতে ১টি পরিবার বসবাস করছে। দিঘলিয়া ঈদগাহ সংলগ্ন ভৈরব নদীর তীরবর্তী ৭৭ দশমিক ৪৫ একর সরকারি খাস জমি দখলমুক্ত করে নির্মিত আশ্রয়ণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে “ভৈরব নগর”। এই কেন্দ্রে বসবাস করছে ২১ টি পরিবার।
হাজীগ্রাম আতাই নদীর পাড়ে সরকারি খাস জমি দখলমুক্ত করে নির্মিত হয়েছে আশ্রয়ণ কেন্দ্র “আতাই নগর”। এখানে বসবাস করছে ৪৮ টি পরিবার। এসব আশ্রয়ণ কেন্দ্রে বিনামূল্যে জমি এবং ঘর পেয়ে দারুন উচ্ছ্বাসিত বসবাসকারী সুবিধাভোগী এসব পরিবারগুলো।
এসব আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত ভুক্তভোগীদের সুন্দর জীবনযাপনের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন ইতোমধ্যে এবং উপজেলা পরিষদ যৌথভাবে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এবং বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম জানান, “ভৈরব নগর” আশ্রয়ণ কেন্দ্রে বসবাসারত ভুক্তভোগীদের আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা ও ভাঙ্গন প্রতিরোধে মাটির ভেঁড়িবাধ নির্মাণ, নদীতে ঘাট নির্মাণ, নদীর তীরে মিনি ইকোপার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া হাজীগ্রাম “আতাই নগর” আশ্রয়ণ কেন্দ্রের জলাবদ্ধতার আশঙ্কা নিরসনে এলজিএসপির আর্থিক সহযোগীতায় ৬০০ ফুট লম্বা ড্রেন নির্মাণ করেছি। ইউ কালভার্টসহ ড্রেন এবং প্রায় ৭০০ ফুট ইটের সলিং রাস্তা নির্মাণ করেছি। আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে এডিপির অর্থায়নে ২২০ ফুট রাস্তা নির্মাণ করেছি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কর্তৃক ৪৮ টি পরিবারের জন্য ৫ টি ডিপ টিউবওয়েল স্থাপন করেছি। এ ছাড়া আশ্রয়ণ কেন্দ্রের পাশে ৪ একর সরকারি খাস জমি দখলমুক্ত করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছি। দেবনগর মৌজার দেয়াড়া কলোনীতে সরকারি খাস জমির উপর নির্মিত আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ১ টি পরিবার বসবাস করছেন।
এছাড়া দিঘলিয়া মৌজার সরদার ঘাট ভৈরব নদীর তীরবর্তী ৫০ শতক সরকারি খাসজমি দখলমুক্ত করে আশ্রয়ণ প্রকল্পের “ভৈরব নগর-২” এ ১০ টি ঘরের নির্মাণ কাজ সমাপ্তির পথে। গাজীরহাট ইউনিয়নের কোলা মৌজার প্রায় ১ একর সরকারি খাস জমি দখলমুক্ত করে আশ্রয়ণ প্রকল্পের ১০ টি ঘর এবং বারাকপুর ইউনিয়নের রাধামাধবপুরে ৬০ শতক খাস জমি দখলমুক্ত করে ১০ টি ঘর নির্মাণাধীন রয়েছে। এসব প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী।
নির্মাণাধীন এসব আশ্রয়ণ প্রকল্পের কাজ সুষ্ঠ, সুন্দর এবং সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ার মমতাজ শিরীন ময়না নিয়মিত তদারকি করছেন।