১০ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অভিযুক্ত রবিউল ইসলাম (২৫) হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (জিলাপিপট্টি) গ্রামের আনসার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার কর্মকর্তা ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা থানায় এসে অভিযোগ করেন তার ১০বছর বয়সের শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষণ করেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) সংক্রান্তে ধারা-৯ (১)/৩০ এ মোতাবেক মামলা দায়ের করে। ধর্ষণের পর থেকে আসামি পলাতক ছিল। অবশেষে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসামি বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের আশপাশে অবস্থান করছে। পরে সেখানে এসআই বেলালসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে দিনাজপুর বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়।