দিনাজপুরের বীরগঞ্জের গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রাম এবং ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীতে ড্রেজিং মেশিন দিয়ে খননকৃত বালু বিক্রি বন্ধসহ রাতের বেলা সরকারি নির্দেশনা অমান্য করে ১০চাকা ড্রাম ট্রাক ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার সকাল ১০টার দিকে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ও বলদিয়াপাড়া সচেতন যুব সমাজের উদ্যোগে আত্রাই নদীর চরে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল হোসেন বলেন, উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ও বলদিয়াপাড়া গ্রাম রক্ষা এবং ফসলি জমি রক্ষার্থে আত্রাই নদীতে ড্রেজিং মেশিন দিয়ে খননকৃত বালু দিয়ে নদী পাড়ে বাধের সৃষ্টি করা হয়েছে। এখন সেই বালু বিক্রয় করা হলে বর্ষার সময় দুটি গ্রামসহ ফসলি জমি প্লাবিত হবে। তাই এই বিক্রি বন্ধের দাবি জানাই।
সাবেক ইউপি সদস্য আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের বালুগুলো দিয়ে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানাচ্ছি। তাহলে বন্যার সময় অনেক জমি বাঁচবে। ফসল নষ্ট হবে না। এবং সরকারি নির্দেশনা অমান্য করে ১০চাকা ড্রাম ট্রাক চলাচল ও রাতেরবেলা বালু উত্তোলন বন্ধের দাবি জানাই।
গড়ফতু ও বলদিয়াপাড়া সচেতন যুব সমাজের নেতা মোঃ আশরাফুল ইসলাম সুজন বলেন, বালু এখন আমাদের গ্রামের সম্পদ, এই বালু বিক্রি হলে, আত্রাই নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিবে।
এবিষয়ে ঝাড়বাড়ী পরিবেশ উন্নয়ন পরিষদের আহ্বায়ক শেখ মোঃ জাকির হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ১০ চাকা ড্রাম ট্রাক ও রাতের বেলা বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসছি। তার ধারাবাহিকতায় নতুন করে শর্তসাপেক্ষে বালু মহল ইজারা দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ ছিলো ১০ চাকা ড্রাম ট্রাক চলাচল করা যাবে না এবং রাতেরবেলা বালু উত্তোলন করা যাবে না। অথচ এসব শর্ত গুলো একদম মানছেন না ইজারাদার। ১০ চাকা ড্রাম ট্রাক ও রাতেরবেলা বালু উত্তোলন অবাধেই চলছে।
মানববন্ধনে গড়ফতু গ্রামের জামে মসজিদ এর সভাপতি আবদুল মালেক, আবদুল মতিন, এনামুল হোক, নুর ইসলামসহ ৫ শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কাদের বলেন, ইতঃপূর্বে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। তারা যদি পুনরায় এ ধরণের অপরাধের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।