বরগুনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগের বিরুদ্ধে
করোনাকালীন সময়ে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ এবং একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে।এমনকি শিশু ও পশুর খাবারের বরাদ্দের টাকাও আত্মসাৎ করেছেন এ চেয়ারম্যান। সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই পরিষদের কয়েকজন সদস্য।
লিখিত অভিযোগে সদস্যরা বলেন, ২০২০ সালে মহামারী করোনাকালীন সময়ে শিশু এবং গো খাদ্যের (পশুর খাবার) জন্য বরাদ্দকৃত টাকা সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যদের সমন্বয়ে মাষ্টারোলের মাধ্যমে বিতরণ করার কথা থাকলেও তা না করে ৮টি চেকের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ।
এ ছাড়াও ২০১৮-১৯ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের ভিতরে গ্রাম আদালতের জন্য বরাদ্দকৃত একলাখ ২০ হাজার এবং ব্রীজ সংস্কার, বিদ্যালয়ে বায়োম্যাট্রিক হাজিরা মেশিন, ইউনিয়ন পরিষদ ভবনের চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণ, সোলার প্যানেল স্পান, মন্দির সংস্কার, ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে বিভিন্ন সংস্কার, কালভার্ট নির্মাণ, করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হাত ধোয়ার সাবান, বিলিসিন পাউডার ও ব্যাগ বিতরণসহ ১২টি প্রকল্পের ২২ লাখ ৩৮ হাজার ৬৬১ টাকা কোথাও নামমাত্র কাজ আবার কোথাও একেবারে না করেই আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও ২০১৭-১৮অর্থ বছরে রাস্তা মেরামতের জন্য বরাদ্দকৃত টিআর প্রকল্পের ২ লাখ ৬৫ হাজার ৪২৫ টাকা কাজ না করে আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা আরও জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা, ধর্ষন,জমি দখল, অর্থ আত্মসাতসহ দুদকে ৫টি মামলা রয়েছে। এসব অনিয়মের কারনে এ বছর দলীয় মনোনয় না পাওয়ায় করোনার কারনে নির্বাচন স্থগিত হয়ে স্বল্প সময়ে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন। পরিষদের সিসি ক্যামেরা, সরকারী সোলার প্যানেল, চেয়ার টেবিলসহ একাধিক আসবাবপত্র তিনি বাসায় নিয়ে গেছেন। এসব বিষয়ে সঠিক তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা দাবি অভিযোগকারীদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নায়েব গোলাম, মো: আল মামুন,মো: পনু মৃর্ধা, মো: সিদ্দিকুর রহমান প্রমুখ। এসব অভিযোগ সম্পর্কে চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ বলেন, করোনার অর্থ আমার কাছে এখনো আছে, সময়ের অভাবে তা বিতরন করা হয়নি বলে তার দাবি।
অন্যদিকে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের ব্যাপারে তিনি বলেন, গ্রাম
আদালতসহ দু’একটি কাজ নানা কারনে করা সম্ভব হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করা হবে। এ ছাড়া পরিষদের কিছু সদস্য তার কাছ থেকে অবৈধ সুবিধা নিতে না পেরে উদ্দেশ্যমূলকভাবে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন বলে তিনি দাবি করেন।