টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নয় দিন পর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের। করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তার সরকারি বাসভবনেই চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল মোঃ আসাদুজ্জামান করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেন। টিকা নেয়ার পাঁচদিন পর গত ২৮ এপ্রিল থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রোববার (২ মে) বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ইউএনও মোঃ আসাদুজ্জামানের শরীরে করোনা শনাক্ত হয়।
এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের নয়দিন পর মোঃ আসাদুজ্জামানের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাই তিনি তার বাস ভবনে আমাদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। ইউএনওর শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান তিনি।