পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপুল জয়ে বিভিন্ন রাজ্যের বিজেপি-বিরোধী নেতারা শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জীকে। কেউ কেউ মনে করছেন বিজেপি বিরোধী সমগ্র ভারতের ঐক্যের নেতা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন মমতা।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব টুইটে বলেছেন, একজন নারীকে বিজেপি যেভাবে ‘দিদি ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন, তার যোগ্য জবাব দিয়েছে বাংলার জনগণ। বাংলার সচেতন নাগরিকরা বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারিয়েছেন। মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের নেতাদের শুভেচ্ছা।
মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এনসিপির শরদ পওয়ার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। আশা করি আমরা একসঙ্গে মানুষের কল্যাণে এবং মহামারি নিয়ন্ত্রণে কাজ করবো।
দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, মমতা ব্যানার্জীকে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।
বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদব বলেছেন, মমতাজীকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। সবরকম প্রতিবন্ধকতাকে পার করে এই জয়। আমি পশ্চিমবঙ্গের জনগণকেও অভিনন্দন জানাতে চাই। যারা বিজেপির অপপ্রচারের ফাঁদে না পড়ে দিদির উপর আস্থা রেখেছেন।