আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারায় এবার চালের বদলে নগদ অর্থ দেওয়া শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে অতি দরিদ্র ও দুঃস্থ পরিবারের তালিকা করে তাদের মধ্যে অর্থ দেওয়া হয়। এর আগে প্রত্যেক জনকে ১০ কেজি করে চাল দিয়ে আসছিল সরকার। এবারই প্রথম অর্থ দেওয়া হলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এবার ভিজিএফ এর চালের বদলে নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ১৬ ইউনিয়নের জনসংখ্যার ভিত্তিতে মোট ১৭ হাজার ৫৩৯ জনের তালিকা প্রস্তু করা হয়। তালিকাভূক্তদের নামে ৪৫০ টাকা করে মোট নগদ ৭৮ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা দেওয়া হয়েছে। বিতরণ কার্যক্রমের তদারকির জন্য একজন করে সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার যোগিপাড়া ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় ইউপি সচিব আতাউর রহমান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) প্রফুল্ল সরকার, নারী ইউপি সদস্য সালেহা বেগমসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ইউনিয়নে মোট ১৩০০ জনের মধ্যে সাড়ে চারশ টাকা করে দেওয়া হয়েছে। অন্য ইউনিয়নেরও ঈদের আগে পর্যায়ক্রমে এই অর্থ দেওয়া হবে যোগিপাড়ার ট্যাগ কর্মকর্তা প্রফুল্ল সরকার বলেন, তালিকাভূক্ত ১৩০০ জনের হাতে নগদ ৪৫০ টাকা দেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম চলে।