ঈদ মৌসুমেও তাঁতিরা সারা বছর অপেক্ষায় থাকেন ঈদুল ফিতরের বাজার ধরার জন্য। কারণ এই সময়ে বসা কাপড়ের হাটে তাঁতিরা ভালো দামে শাড়ি-লুঙ্গি বিক্রি করতে পারেন। এ সময়টাই হলো তাঁতিদের অর্থনৈতিকভাবে ঘুরে দাড়ানোর সময়। কিন্তু গত বছরের মতো এবারও ভাগ্য পরিবর্তনের আসল সময়টাতেই তাঁতিরা আবারও পড়েছেন চরম বিপর্যয়ে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন থাকায় এবারের কাপড় হাটে নিতে পারছেন না পাবনার বেড়ার তাঁতিরা। তারা জানান, ঈদুল ফিতরের আগে দেড় থেকে দুই মাস তাদের কাঙ্খিত সময়। এই সময়ের আয় দিয়ে তারা সারা বছর ধারদেনা শোধ করেন। অথচ গত বছরের মতো এবারো তারা এ সময় সমস্যাগ্রস্থ রয়েছেন। উপজেলার তাঁত সমৃদ্ধ হাতিগাড়া, জগন্নাথপুর,পেঁচাকোলা, রাকশা গ্রাম ঘুরে জানা গেছে, একসময় বেড়া উপজেলায় ৫ হাজারেরও বেশি তাঁত চললেও বর্তমানে প্রায় ৩ হাজারে নেমে এসেছে। এরইমধ্যে করোনা থাবা বিস্তার করেছে। ঐ গ্রামগুলোতে এখন নিস্তব্ধতা বিরাজ করছে। বেড়ার নতুন পেঁচাকোলা গ্রামের তাঁতশ্রমিক হাসান আলী জানান, তাঁত চালু থাকা অবস্থায় প্রতিদিন তার ২৫০ টাকার মতো আয় হতো। এখন রোজগার বন্ধ থাকায় ঘরে খাবার নেই। দিন আর চলছে না। ঈদুল ফিতরের এই ভরা মৌসুমেও বেশিরভাগ তাঁতশ্রমিকই বেকার অবস্থায় রয়েছেন। তাঁত মাীলকদের মাথার ওপর ঋণের বোঝা। সবমিলিয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছে বেড়া উপজেলার তাঁতশিল্পের সাথে জড়িত মানুষগুলো।