নওগাঁর পত্নীতলায় করোনা পরিস্থিতির কারণে শনিবার নিভৃতে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর্ন্তজাতিক শ্রমিক দিবসে প্রতি বছর বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করলেও এ বছর চিত্র ছিলো আলাদা। অফিসের সামনে জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উড়তে দেখা গেছে শ্রমিক সংগঠনের অফিসের সামনে। তবে এ সময় সংগঠনের অফিসগুলো তালাবদ্ধ থাকতে দেখা গেছে।
দৈনিক ৮ ঘন্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠায় জীবণ উৎসর্গকারী শহীদ শ্রমিকদের স্মরণে প্রতি বছর ০১ মে শ্রমিকরা কাজে যোগদানে বিরত থাকে। দিনব্যাপি যানবাহনসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ ব্যানারে র্যালি, আলোচনা সভা ও ভোজের আয়োজন করে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে চলতি বছর শ্রমিক সংগঠনগুলোর কোন কর্মসূচি ছিলো না। সকাল থেকেই সড়কে অটো ভ্যান, ইজিবাইকসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল করতে দেখা গেছে। এ বিষয়ে নওগাঁ জেলা করাতকল হাতকরাতী ও সুতার শ্রমিক ইউনিয়ন এবং ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বললে তাঁরা জানান, করোনা পরিস্থিতির কারণে সরকারি ভাবে জনসমাগম বন্ধ থাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে শ্রমিক দিবসের কর্মসূচি বাতিল করা হয়েছে।