বহু বছর আগে থেকেই মহামারির প্রস্তুতি নিয়ে প্রচার চালিয়ে আসছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ছয় বছর আগে টিইডি কনফারেন্সের এক আলোচনায় বিশ্বজুড়ে মহামারিতে মৃত্যুর সংখ্যা বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
মহামারির প্রাণহানি নিয়ে সতর্ক করে কথা বললেও প্রতিষেধকের প্রস্তুতপ্রণালী বিশ্বের দরিদ্র দেশগুলোকে দিতে অস্বীকার জানিয়েছেন বিল গেটস। উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকার প্রস্তুতপ্রণালী গোপন রাখারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গত ২৫ এপ্রিল স্কাই নিউজের সোফি রিজের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোভিড-১৯ এর টিকার পেটেন্ট সুরক্ষা তুলে দেওয়া উচিত হবে কিনা কিংবা টিকার প্রস্তুতপ্রণালী বিশ্বকে দিয়ে দিলে তাতে কার্যকর ফল আসবে কিনা।
জবাবে কোনো রাখঢাক না রেখেই বিল গেটস বলেন, ‘এটা উচিত হবে না।’
এর আগে তিনি যোগ করেন, বিশ্বে অনেক টিকা উৎপাদন কারখানা আছে এবং টিকার নিরাপত্তায়ও মানুষ খুব গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, মহামারি বিনাশে বিশ্বের দরিদ্র দেশগুলোকে টিকার প্রস্তুতপ্রণালী দেওয়া যাবে না।
এরপরেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবেরকে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মেধাস্বত্ব সুরক্ষা আইনের পরিবর্তনের সমর্থকরা এ ঘটনায় বিল গেটসকে তুলাধোনা করেন।
এই সফটওয়্যার উদ্ভাবকের মন্তব্য ও তার পেছনে যে আদর্শিক মতবাদ কাজ করছে—তা ভীতিকর বলে মন্তব্য করেছেন গ্লোবাল জাস্টিস নাউয়ের নির্বাহী পরিচালক নিক ডিয়েরডেন।