পানিতে ডুব দিয়ে আর জীবিত ওঠেনি শিশু আফসানা খাতুন (৯)। খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারায়। আফসানা খাতুন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মসজিদের ইমাম আমিনুল ইসলামে মেয়ে। শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাড়ার অন্য শিশুদের সঙ্গে আফসানা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বেশ কিছুক্ষণ পর অন্য শিশুরা বাড়িতে ফিরে আসলেও আফসানা আসেনি। এসময় তার সঙ্গে গোসল করতে যাওয়া আরেক শিশু আফসানার পানিতে ডুব দিয়ে আর না ওঠার বিষয়টি তার বাবাকে জানায়। পুকুরে গিয়ে শিশু আফসানাকে পানিতে ভাসতে দেখেন। এসময় শিশুকে অচেতন অবস্থায় বেলা সাড়ে ১১ টায় পানি থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায়। সেখানে শিশুকে মৃত বলে জানানো হয়। শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, তার মেয়ে সাঁতার জানতো না। পুকুরে পানিতে ডুব দিয়ে আর ওঠতে পারেনি। পানিতে তলিয়ে সে মারা গেছে। শিশুর মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।