রাজশাহীর বাঘায় সেই জল মোটর (পানির পাম্প) চুরির অভিযোগে তিন যুবককে গাছে বেঁধে নির্যাতনে দায়ের করা মামলার দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে মোহদীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ২৪ এপ্রিল উপজেলার জোতনশী এলাকায় জল মোটর (পানির পাম্প) চুরির সন্দেহে তিনজনকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এই ঘটনায় উভয় পক্ষ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। জল মোটরের মালিক আয়ুব আলী ও চোর সন্দেহের নির্যাতনের শিকার শহিদুল ইসলাম বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি নির্যাতনকারী মোখলেসুর রহমান এবং নির্যাতনের শিকার শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। আটককৃত দুইজনকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের আজিজুল হকের ছেলে আযুব আলীর বাড়ির আঙ্গিনায় জল মোটার বসানো ছিল। এই জল মোটারটি চুরির অভিযোগে বারশতদিয়াড় গ্রামের টুলু হোসেনের ছেলে দুলু হোসেন, হেলালপুর গ্রামের সারাত আলীর ছেলে মাইদুল ইসলাম, মহদিপুর গ্রামের জান মোহাম্মদের ছেলে সাইদুল ইসলামকে ধরে এনে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় পৃথত দুটি মামলার আসামীকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে ৮টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাঘা থানার পুলিশ মনিগ্রাম এলাকায় তার শশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম উপজেলার জোতরাঘব গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তার নামে ৮টি মামলা রয়েছে। সব গুলো ব্যাংকের চেক জালিয়াতী সংক্রান্ত মামলা। এই মামলার মধ্যে ৫টি মামলায় ইতিমধ্যেই আদালত তাকে সাজা দিয়েছেন।