বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর সেটি দৃষ্টি গোচর হয়েছে কর্তৃপক্ষের। মেরামতের কাজে প্রথম দিকে অনিয়ম দেখাদিলে বর্তমান এলাকাবাসী ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে মানসম্মত কাজ করা হচ্ছে বলে সরেজমিনে জানাগেছে।
উপজেলার কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০০৬ সালে একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি বর্তমানে ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়ায় সেটি মেরামতের কাজ চলছে। এ মেরামত কাজে নিম্ন মানের মালামাল ব্যবহারসহ দায়সারা ভাবে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ভবনের বিভিন্ন জায়গায় ফাঁটল ও খসেপড়া পলেস্তরার উপর রঙের প্রলেপ দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় নানা প্রশ্ন ওঠে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক ভাবে কাজ করার নির্দেশ দেন।
এ ব্যাপারে কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদি হাসান জানান, ভবনটিতে কাজের শুরুতে বেশ অনিয়ম করা হলেও পত্রিকায় সংবাদ প্রকাশের পর এখন সঠিক নিয়মে করা হচ্ছে।
এ বিষয়ে কাজের ঠিকাদার গোপালগঞ্জের বুলেট শিকদার জানান, মেরামত কাজে যে অনিয়মের কথা উঠেছিল সেটি জানতে পেরে তিনি নিজেই ঘটনাস্থালে এসে কাজের দায়িত্বে থাকা লোকজনকে পূনরায় সঠিক ভাবে কাজ করার পরামর্শ দেন।
এ বিষয়ে বাগেরহাট জেলা উপসহকারী প্রকৌশলী মো. ওবায়দুল হক জানান, কাজে অনিয়মের কথা জানতে পেরে তিনি মেরামত কাজ পরিদর্শনে আসেন। এখন কাজে কোন অনিয়ম হচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।