নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় গত কয়েকদিন ধরেই চলছে তাপদাহ। তীব্র তাপদাহকে উপেক্ষা করেই শরীরের ঘাম ঝরিয়ে, নিজেদের পুড়িয়ে সোনালী ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও মজুররা। তীব্র তাপদাহের কারণে শ্রমিকদের মাঠে টিকে থাকা কঠিন হলেও জীবণ ও জীবিকার তাগিদে তাঁরা কাজ করতে বাধ্য হচ্ছেন। এদিকে কাজের পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কয়েকজন শ্রমিক।
সরেজমিনে উপজেলার খিরসিন, খান্দই, ফহিমপুর, পার্বতীপুরসহ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে তীব্র তাপদাহের মধ্যেই কৃষক ও মজুররা মাঠের ধান কাটছেন। তাপদাহ সহ্য করতে না পেরে অনেকেই সড়কের পাশে বসে নিজেদের জিরিয়ে নিচ্ছেন। ফহিমপুর মাঠে ধান কাঁটার সময় কথা হয় শচীন রাজোয়ার, ঝন্টু রাজোয়ার, বিমল রাজেয়ারসহ আরো কয়েকজন শ্রমিকের সাথে। তাঁরা জানান, তাপদাহের কারণে ধান কাটতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। শরীরের অঙ্গ-প্রতঙ্গে যেন আগুনের ছ্যাঁকা লাগছে। উপায় না থাকায় বিরুপ আবহাওয়ার মধ্যেই তাঁরা ধান কাটতে বাধ্য হচ্ছেন। প্রতি মণ ধান কাঁটার বিপরীতে জোতদারদের কাছ থেকে তাঁরা ৫কেজি করে ধান পাবেন। কষ্টের তুলনায় এই মজুরী নেহায়েতই কম। প্রতি বিঘা জমিতে ২৫-২৭ মণ ধানের ফলন হয়েছে বলেও জানান এই কৃষি মজুররা।
চলতি মৌসুমে পত্নীতলা উপজেলায় ১৯ হাজার ৬শত ৫০ হেক্টর জমিতে বোরো ধান লাগানো হয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।