রাজশাহীর তানোর উপজেলায় প্রকাশ কুমার (১৭) নামের এক যুবককে (জবাই) গলাকেটে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের অন্যান্য স্থানেও ধারালো অস্ত্রের আঘাত আছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তানোর উপজেলার কলমা ইউনিয়নের চৌরখোর জমির ফাঁকা মাঠের মাটির রাস্তার উপর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তবে, হত্যার কারণ ও হত্যার সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত প্রকাশ তানোর উপজেলার কলমা ইউপির চৈরখৈর এনায়েতপুর গ্রামের নির্মল সিংহের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর নবরুপ নামের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। করোনা পরিস্থিতিতে তিনি প্রায় ২০দিন থেকে গ্রামের বাড়িতেই ছিলেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, লাশের সুরত হাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।