আজ ২৮ এপ্রিল ২০২১ জাতীয় আইনগত সহায়তা দিবস। জাতির জনক বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলার আপামর জনগণ দীর্ঘ ০৯ মাস রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছিল একটি স্বাধীন সাংবিধানিক কাঠামো দাঁড় করানোর পথ। সেই পথ ধরেই রচিত হয়েছিল বিশে^র সর্ববৃহৎ লিখিত সংবিধান বাংলাদেশ সংবিধান। সেই রক্তাক্ত সময়ে দাঁড়িয়ে জাতির জনক সংবিধান রচনার রূপরেখা তৈরী করেন।
সেই সংবিধানের প্রস্তাবনাতে বলা হয়েছে যে, রাষ্টের অন্যতম মূল লক্ষ্য হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যদূর করে সমাজে সুবিচার নিশ্চিত করা। তারই আলোকে বাংলাদেশ সংবিধানের ২৭নং অনুচ্ছেদে ‘আইনে সমান আশ্রয় লাভের অধিকার’ কে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবিধানের এই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ প্রণয়ন করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ কে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার কারণে সমাজের হতদরিদ্র ও অ-স্বচ্ছল জনগোষ্ঠি বর্তমানে সরকারি খরচে আইনগত সহায়তা পাচ্ছে। সরকারের বহুবিধ উন্নয়ন কর্মকান্ডের মধ্যে অন্যতম এই সরকারি খরচে আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগনের অভিগম্যতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতিবছর জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ৬৪টি জেলার ন্যায় সবুজে ঘেরা শান্তি প্রিয় বিভাগীয় শহর রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস প্রতি বছর বর্ণাঢ্য কলেবরে এই দিবসটি উদযাপন করে আসছিল। কিন্তু ঘাতক করোনার থাবায় বাংলাদেশসহ বিশ^ যখন থমকে দাড়ায় তখনও সরকারের মহতি প্রচেষ্টাকে এগিয়ে নিতে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে গরিব মানুষকে আইনি সেবা দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারি নিদের্শনা মোতাবেক গণ জমায়েত নিষিদ্ধ থাকার কারণে এ বছর ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ব্যাপকভাবে উদযাপন করা না গেলেও রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এবং সুযোগ্য জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ লুনা ফেরদৌস-এর উদ্যোগে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির বিগত এক বছরের কার্যক্রমের খতিয়ান পত্রিকায় প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রচারের পদক্ষেপ গ্রহন করেছেন।
বিকল্প বিরোধ নিষ্পত্তি কাজের সংক্ষিপ্ত বিবরণ হিসেবে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস থেকে প্রেরিত এক তথ্যে বলা হয়- ২০২০ সালে প্রাপ্ত এডিআর ১০৫টি, (পূর্ব বছরের অনিষ্পন্ন জের ৪৮টি সহ ১৫৩টি) নিষ্পত্তি ১০৪টি, টাকা আদায় : ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
মামলায় আইন সহায়তা প্রদান কাজে রাজশাহী অফিসের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়- ২০২০ সালে প্রাপ্ত মামলার আবেদন ৯৮১টি, মামলা নিষ্পত্তি ৪৯৩ টি। সর্বমোট মামলার সংখ্যা-১১৫২৮টি, নিষ্পত্তি-৮০৬৫টি, চলমান ৩৪৬৫। আর ২০১৩ হতে ২০২০ সাল পর্যন্ত (নিয়মিত অফিসারের সময়কাল) মামলা গ্রহণ-৯৪৩০টি, নিষ্পতি-৭১২০ টি চলমান-২৩১০ টি।
আর আইনি আশ্রয়ের মাধ্যমে ২০২০ সালে উপকারভোগীর সংখ্যা ২২৩৫জন। এর মধ্যে মামলা ৯৮১টি, এডিআর ১০৫টি, আইনি পরামর্শ ১১৪৯টি।
প্রেরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- আইন শিক্ষা বিস্তারে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনসহ রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির সাথে পিপিজে ও আইএজে-এর সহযোগিতায় সেমিনার, কর্মশালা/ওরিয়েন্টশন, উগ্র সহিংসতাবাদ বিষয়ক প্রশিক্ষণ, উঠান বৈঠক, প্রাতিষ্ঠানিক গণশুনানী, স্কুল বিতর্ক প্রতিযোগিতা, মাইকিং, ইউনিয়ন ও উপজেলা লিগ্যাল এইড কমিটি দ্বি-মাসিক সভা, অর্ধ বার্ষিক সমন্বয় সভা, সুবিধাভোগীদের সাথে সভা, প্যানেল আইনজীবীদের সাথে, কোর্ট স্টাফদের সাথে, বিজ্ঞ বিচারকবৃন্দের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা আয়োজন ও পরিচালনা করে থাকেন।