রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুকুর খননের মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে কর্মচারী মেরাজ আলী (২৬) নিহত হয়েছে। নিহত মেরাজ বিশ্ববিদ্যালয়ের পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব রাখার দায়িত্বে ছিলেন। তিনি মহানগরীর উপকণ্ঠ কিসমত কুখন্ডী এলাকার দুলাল হোসেনের ছেলে। সোমবার (২৬ এপ্রিল) ভোররাতে রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে মহানগরীর মতিহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ভোররাতে মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরটির চাকা রাস্তার পাশের খাদে পড়ে যায়। তখন ট্রাক্টরটি উল্টে গেলে তার নিচেই চাপা পড়ে মেরাজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ট্রাক্টরের চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। আর ট্রাক্টরের চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের পূর্বপাশের প্রায় ১০ বিঘা জমিতে পুকুর তৈরির জন্য টেন্ডার হয়। বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বুধপাড়া এলাকার মাসুদ রানা দরপত্রে সর্বোচ্চ দর দিয়ে চার বছরের জন্য পুকুরটির ইজারা পান। কিন্তু দরপত্রের শর্ত অনুযায়ী খননের পর পুকুরের পাড় বাঁধাই করে অতিরিক্ত মাটি পাশেই রাখর কথা থাকলেও ঠিকাদার প্রতিনিয়ত মাটি চুরি করে নিয়ে যাচ্ছেন। আর দেখভালের দায়িত্বে থাকা কর্মচারী মেরাজেরই শেষ পর্যন্ত এভাবে মৃত্যু হলো বলে মন্তব্য স্থানীয়দের।
এ ঘটনায় সোমমবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কৃষি প্রকল্পের উপদেষ্টা কমিটির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।