করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজশাহীর বাঘায় অসহায়দের পাশে নেই কেউ। সরকার ঘোষিত দুই সপ্তাহের লকডাউনে দুস্থ, অসহায়, নিম্ন আয়ের মানুষ কাজ করতে না পেরে বেকায়দায় পড়েছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে খাদ্য কিংবা আর্থিক সহায়তা নিয়ে কেউ এগিয়ে আসেনি।
জানা গেছে, গত বছর করোনার সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পর উপজেলায় দুস্থ, অসহায়, কর্মহীন ও নিম্নবিত্তের মানুষের মাঝে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে এবং ব্যক্তিগতভাবে সহায়তা দেয়া হয়েছিল। কিন্তু করোনায় দ্বিতীয় ঢেউয়ে সহায়তার হাত কেউ বাড়ায়নি।
কাউন্সিল ঘোষণার পর থেকে ইতিমধ্যেই আওয়ামী লীগ ও বিএনপি’র বড় দলীয় পদ নেয়ার জন্য উর্দ্ধতণ নেতাদের কাছে ভিড় করছেন। কিন্তু করোনায় দ্বিতীয় ঢেউয়ে শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত সহায়তা করতে কাউকে দেখা যায়নি। এমনকি কোন ব্যবসায়ীদের পক্ষ থেকেও সহায়তা করতে দেখা যায়নি।
করোনা ভাইরাসের লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে সাধারণ মানুষকে ঘরবন্দি করে রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিদের সরকারিভাবে নির্দেশ দেয়া হয়।
বাঘা-চারঘাট সড়কের সিএনজি চালক আরিফ আহম্মেদ বলেন, লকডাউনের পর সড়কে সিএনজি চালাতে পারিনি। ফলে আমার মতো অনেকেই কর্মহীন হয়ে বাড়িতে বসে আছেন। কিন্তু কারো কাছে থেকে কোনো খাদ্য বা আর্থিক সহায়তা পায়নি।
এ বিষয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। তবে কাউন্সিল ঘোষণার পর অনেক নেতা বর্তমানে দলীয় পদ পাওয়ার জন্য উর্দ্ধতণ নেতাদের কাছে ভিড় করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেউ অসহায়দের পাশে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে অতিশীর্ঘই অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করব।
উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফখলুর হাসান বাবলু বলেন, আমরা দলীয়ভাবে গত করোনায় নেতাকর্মীদের সমর্থ অনুযায়ী সহযোগিতা করা হয়েছিল। তবে এবার এখন পর্যন্ত কোন সহায়তা করা হয়নি। তবে সহায়তা করার পরিকল্পপনা আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, গত বারের মতো অসহায়দের সহযোগিতা করার মতো কোন বরাদ্দ আসেনি। তবে ভিজিএফ এর বরাদ্দ এসেছে। উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্চে। তালিকা প্রস্তুত সম্পূর্ণ হলে যথা সময়ে সহযোগিতা দেয়া হবে।