উত্তরাখ-ে ভারত-চীন সীমান্তের কাছে হিমবাহ ভেঙে সৃষ্ট বরফধসের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় চামোলি জেলার জোশিমঠ সেক্টরের সুমনা এলাকায় এ ধসের পর ৩৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার। “৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে,” শনিবার সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটাপন্ন, জানিয়েছেন তিনি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখ- রাজ্যের এক কর্মকর্তাও বরফধসে ৮ জন নিহত এবং সেনাবাহিনী তিনশ’র বেশি মানুষকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন। তুমুল তুষারপাতের কারণে ওই এলাকার বেশকিছু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এখন যোগাযোগ নেটওয়ার্ক সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে টুইটারে বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী তিরাথ সিং রাওয়াত। চলতি বছরের ফেব্রুয়ারিতে উত্তরাখ-ে হিমবাহ ভেঙে সৃষ্ট ধস ও বন্যা দুইশর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল; ভাসিয়ে নিয়েছিল দুটি জলবিদ্যুৎ প্রকল্পও।