রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের এক মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে জোতকার্তিক শিতলামাতার মন্দিরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছেন প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ কান্ড ঘটানো হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোতকার্তিক গ্রামের সুনীল মাষ্টারের ছেলে সুকেশের সাথে একই এলাকার মৃত কাঞ্চুর ছেলে প্রবাস, প্রশান্ত, পরিতোষ ও প্রবীরের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। সুকেশ শিতলামাতা মন্দিরের সভাপতির দায়িত্বে আছে। জমি নিয়ে মামলায় তিনি কিছুদিন আগে জেলও খেটেছেন।
এ অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কয়েকজন মন্দির প্রাঙ্গণে গেলে মন্দিরের বাইরের একটি প্রতিমাতে আঘাতের চিহ্ন ও মন্দিরের ভেতরের শিতলামাতার প্রতিমার মাথার উপরের অংশে ভাঙা দেখতে পান। তবে মন্দিরটি তালাবদ্ধ অবস্থায় থাকে। এজন্যই স্থানীয়রা প্রাথমিক ভাবে নিজেদেরই কেউ এরকম কাজ করেছে বলে সন্দেহ করছেন।
এ বিষয়ে জানতে চাইলে চারঘাট পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার বলেন, শিতলামাতার প্রতিমা কে ভাঙচুর করেছে সেটা কেউ দেখেনি। আমি লোকমুখে জানতে পেরে খোঁজ খবর নিয়েছি। তবে সেখানে জমি নিয়ে নিজেদের সম্প্রদায়ের দুপক্ষের বিরোধ রয়েছে। তাদেরও যোগসাজশ থাকতে পারে। পুলিশ বিষয়টা তদন্ত করছে।
চারঘাট মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমাতে আঘাত করা হয়েছে বলে আমরা প্রাথমিক ধারনা করছি। তবে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।