রাজশাহীর বাগমারায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একব্যক্তিকে পিঠিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ ১২জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হাবিল কাজী (৪৪)। তিনি গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আজিমুদ্দিন (৬৭), মুনসুর রহমান (৪৫), শওকত হোসেন (১৪), আবদুর রাজ্জাক (৫০), জুয়েল রানা (৩০), শাবানা খাতুন (৪৬)।
রাতেই রাজশাহীর সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি বিরোধপূর্ণ জমি দখল নিয়ে বৃহস্পতিবার বিকেলে মাধাইমুড়ি গ্রামের আলামিনের সঙ্গে প্রতিপক্ষ সিদ্দিক ও তাঁর লোকজনদের বাকবিতণ্ডা হয়। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় হাবিল কাজী বিষয়টি লক্ষ করেন। তিনি তাঁর আত্মীয় আলামিনের পক্ষ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ান। এতে প্রতিপক্ষরা হাবিল কাজীর প্রতি ক্ষুব্ধ হন। এছাড়াও আগে থেকেই প্রতিপক্ষের সঙ্গে হাবিল কাজীদেরও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এদিকে গতকাল ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাবিল কাজী ও তাঁর ছেলে বাড়ির বাইরে যান। এ সময় ওত পেতে থাকা প্রতিপক্ষ একই গ্রামের সিদ্দিক ও খলিলসহ সাত আটজন হাবিলকে ঘিরে ধরেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেন। তাদের চিৎকারে তাদের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এতে কমপক্ষে ১২জন আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে
কর্তব্যরত চিকিৎসক হাবিল কাজীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্যের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থার অবনতি হলে নিহত হাবিলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজিমুদ্দিনসহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফায়সাল হোসেন বলেন, হাবিল কাজীকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে। অন্যান্যের চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থার অবনতি ঘটায় আশংকাজনক অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগমারা হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্র শওকত হোসেন জানায়, তার চোখের সামনে বাবাকে নির্মমভাবে পিটিয়ে ও পা দিয়ে খুঁচিয়ে মেরে ফেলা হয়েছে।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ রাতেই এ ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।